হতাশার বৃত্তেই মানচিনির ইতালি

ম্যাচের একটি মুহূর্ত।হতাশার বৃত্তেই আটকে আছে রবার্তো মানচিনির দল ইতালি। উয়েফা নেশন্স লিগে পোল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর আরও বড় ধাক্কা খেলো পর্তুগালের বিপক্ষে। রোনালদোহীন পর্তুগালের কাছে তারা হেরেছে ১-০ গোলে।
লিগ এ-তে গ্রুপ তিন এর খেলায় আজকের ম্যাচেও রোনালদোকে ছাড়া মাঠে নামে পর্তুগাল। পরিবারের সঙ্গে অবসর যাপনে থাকায় প্রাণভোমরার অনুপস্থিতি টের পেতে দেয়নি সতীর্থরা। ফার্নান্দো সান্তোসের দল উল্টো চেপে খেলেছে মানচিনির শিষ্যদের ওপর। প্রথমার্ধে ছিল গোলশূন্য। তবে ম্যাচের ফল পাল্টেছে দ্বিতীয়ার্ধে। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৮ মিনিটে একমাত্র গোলটি আসে আন্দ্রে সিলভার পা থেকে।

অথচ সেভিয়াতে যাওয়ার আগে এসি মিলানে বাজে ফর্মে ছিলেন সিলভা। গত মৌসুমে সিরি আ’তে গোল করেছেন মাত্র দুটি। আগস্টে ধারে ভিন্ন জায়গায় যাওয়ার পর যেন নিজেকে নতুন করে চেনালেন নেশন্স লিগে। ৪৮ মিনিটে ব্রুমার ক্রস থেকে গোল করে তার প্রমাণ দেন স্কোর ১-০ করে।

এই জয়ে গ্রুপে সবার উপরে উঠেছে পর্তুগাল। তিন পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। দুই ম্যাচে একটি পয়েন্ট নিয়ে সবার নিচে রাশিয়া বিশ্বকাপে কোয়ালিফাই না করা ইতালি। দ্বিতীয় স্থানে পোল্যান্ড।
রাশিয়া বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় মানচিনির অধীনে নতুন শুরুর অপেক্ষায় রয়েছে ইতালি। আগের ম্যাচের ড্রয়ের পর এই ম্যাচে পরিবর্তন আনেন ৯টি! কোচ মানচিনি সফলতার মুখ দেখেননি তার পরেও। খাপছাড়া ইতালির রূপটাই দেখা মেলে ম্যাচে।