মেসির ফেরা নিয়ে নিশ্চিত এএফএ প্রেসিডেন্ট

পানামার বিপক্ষে ফিরছেন মেসিজাতীয় দলে মেসির না থাকা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া জানিয়েছেন, জাতীয় দলে ফিরবেন আর্জেন্টাইন সুপার স্টার।

বর্তমানে সাময়িক বিরতিতে আছেন মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনা শেষ ষোলোতে বিদায় নেওয়ার পর থেকে দলে নেই তিনি। এমনকি আসন্ন প্রীতি ম্যাচে সৌদি আরব ও ব্রাজিলের বিপক্ষেও দেখা যাবে না তাকে। আগেই জানা গেছে এ বছর আর জাতীয় দলে দেখা যাচ্ছে না বার্সা ফরোয়ার্ডকে।তাই মেসিকে নিয়ে জমা হওয়া সংশয়ের মেঘ দূর করেছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট, ‘মেসি যে ফিরবে এ নিয়ে আমার কোন সংশয় নেই।’ তবে মেসিকে এই মুহূর্তে সময় দেওয়ার পক্ষে তিনি, ‘এই মুহূর্তে তাকে তার মতো থাকতে দেওয়া প্রয়োজন। যতটুকু সময় প্রয়োজন সেই সময়টা তাকে দেওয়া উচিত।’

তবে তার ফেরার বিষয়ে নির্দিষ্ট সময় বেঁধে চাইলেন না তাপিয়া, ‘তার ফেরা নিয়ে কোনও সময় বেঁধে দিতে চাই না। আমাদের বিষয়গুলো স্বাভাবিক ভাবেই হতে দেওয়া প্রয়োজন। যখন সময় হবে তখন ঘটনা ঘটবেই। হুলস্থুল করার প্রয়োজন নেই।’