ভুটানে আশাবাদী বাংলাদেশ

অনুশীলনে বাংলাদেশের মেয়েরা।কাল শুক্রবার থেকে ভুটানে শুরু হচ্ছে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। সঙ্গী নেপাল ও পাকিস্তান। আগামী ৩০ সেপ্টেম্বর ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে লাল-সবুজ জার্সিধারীরা।

এরপর ২ অক্টোবর তারা খেলবে নেপালের বিপক্ষে। ‘এ’ গ্রুপে ভারত ছাড়াও আছে স্বাগতিক ভুটান ও মালদ্বীপ।

ভুটানের থিম্পুতে একাডেমি মাঠে বাংলাদেশ দল অনুশীলন করেছে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও হয়েছে সেখানে। সদ্য এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েছে মেয়েরা। সেখান থেকে প্রেরণা নিয়ে থিম্পুতে গেছে  বাংলাদেশ দল। কারণ এই দলের বেশ কয়েকজন খেলবেন অনূর্ধ্ব-১৮ দলটিতে। বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন তাই থিম্পুর এই আসর নিয়ে খুব আশাবাদী, ‘আমাদের প্রস্তুতি ভালো। আমরা শিরোপার জন্য খেলবো। সবার দোয়া থাকলে ভালো ফল সম্ভব।’