সিলেট বিকেএসপি মাঠে বুধবার সকালে অনুশীলন করেছে বাংলাদেশ দল। সাফে শহীদুল আলম সোহেলের ভুলে বাংলাদেশকে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল। এবার তেমন ঘটনার পুনরাবৃত্তি চান না গোলকিপার আশরাফুল ইসলাম রানা। লাওসের বিপক্ষে তার বেশ কিছু ভুল ছিলো চোখে পড়বার মতো। শুক্রবারের ম্যাচের আগে তাই নিজেদের আরো শুধরে নিতে চাইছেন তিনি। অনুশীলনের এক ফাঁকে এই গোলকিপার বললেন, ‘শুরুতে আমাদের লক্ষ্য ছিলো আমরা কোন গোল হজম করবো না। ৯০ মিনিটের মধ্যে সুযোগ আসবে এবং সুযোগ পেলে সেটা কাজে লাগাতে হবে। প্রথম ম্যাচে আমাদের সে লক্ষ্য পূরণ হয়েছে।’
গোলকিপার ও ডিফেন্ডারের ওপর যে ম্যাচ অনেকখানি নির্ভর করে তা অকপটে বললেন রানা, ‘আমাদের ফুটবলের প্রেক্ষাপটে গোলকিপার ও ডিফেন্ডাররা যদি ভালো করে তাহলে দলেরও ইতিবাচক ফল করার সম্ভাবনা থাকে। তাই শুরু থেকে কোন চাপ নিচ্ছি না। চাপ নিয়ে আসলে ভালো খেলা যায় না।’
শুধু যে গোলকিপার আশরাফুল ইসলাম রানা নিজেকে আরো ঝালিয়ে নিচ্ছেন তা কিন্তু নয়, ডিফেন্ডাররাও চালিয়ে যাচ্ছেন সমান তালে। সাফে দুই গোল করা ডিফেন্ডার তপু বর্মণও বললেন নিজেকে ঝালিয়ে নেওয়ার কথা, ‘আমাদের প্রথম লক্ষ্য নিরাপদ ফুটবল খেলবো। প্রথম ম্যাচে কিছু ভুল ছিল। পরের ম্যাচের আগে সেগুলো নিয়ে কাজ হচ্ছে। ডিফেন্সের একটাই কাজ হবে আমরা কোন ঝুঁকি নিবো না। মাঝখান দিয়ে আমরা কোন পাসও যেতে দিবো না। তাহলে গোলকিপার ও আমাদের মধ্যে ভালো সমন্বয় থাকবে।’