সোমবার জয়াসুরিয়ার বিপক্ষে অভিযোগ আনে আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট আকসু। একটি অভিযোগ ছিলো তদন্তে অসহযোগিতা, আরেকটি হলো প্রমাণ নষ্ট করা। মূল দোষটা ছিলো তার ব্যবহারকৃত মোবাইলটি চাওয়া হলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে তা দিতে রাজি হননি।
আকসুর অভিযোগের পর বিবৃতিতে জয়াসুরিয়া সাফাই গেয়েছেন এভাবে, ‘অভিযোগে বলা হয়েছে আমি তথ্যপ্রমাণ দিয়ে সহযোগিতা করিনি। তদন্তেও সহযোগিতা করিনি। আমি ক্রীড়া ক্ষেত্রে সব সময় সৎ ও স্বচ্ছতার মানদণ্ডে কাজ করে এসেছি। যা ভবিষ্যতেও করবো। কিন্তু যেসব অভিযোগ আনা হয়েছে এটা কোনওভাবে ম্যাচ ফিক্সিং, পিচ ফিক্সিং ও দুর্নীতি সংশ্লিষ্ট কোনও বিষয় নয়।’
২০১৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার হোম সিরিজের দিকে কড়া নজর ছিলো আইসিসির। অবিশ্বাস্যভাবে সিরিজটি ৩-২ ব্যবধানে জিতে যায় জিম্বাবুয়ে। আর তখনই লঙ্কানদের পারফরম্যান্স পড়ে যায় আতশী কাঁচের নিচে। ওই সময় শ্রীলঙ্কা দলের নির্বাচক কমিটির প্রধান ছিলেন জয়াসুরিয়া। এই সংক্রান্ত তথ্য প্রমাণ চাইতেই তার কাছে দ্বারস্থ হয়েছিলো আকসু।
অভিযোগের প্রেক্ষিতে জবাব দিতে জয়াসুরিয়াকে সময় বেঁধে দেওয়া হয়েছে ১৪দিন।–বিবিসি, ক্রিকইনফো।