ভারতকে সামলাতে স্মিথ-ওয়ার্নারের দ্বারস্থ অস্ট্রেলিয়া

নেটে ব্যাট করছেন ওয়ার্নার ও স্মিথ।স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের শাস্তিটা হয়তো কমেনি। জাতীয় দলে তাদের আপাতত না ঢোকালেও তার পূর্ব প্রস্তুতিটা সেরে রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া! ভারতের বিপক্ষে অজিদের টেস্ট প্রস্তুতিতে নিষিধাজ্ঞা প্রাপ্ত দুই ক্রিকেটারকে আমন্ত্রণ জানানো হয়েছে নেট অনুশীলনে। তবে এতে রয়েছে নিজেদেরই স্বার্থ।

আগামী ৬ ডিসেম্বর হবে প্রথম টেস্ট। সেখানে বিরাট কোহলি ও রোহিত শর্মাদের মুখোমুখি হতে বোলিং আক্রমণকে সব ভাবে প্রস্তুতিতে সহায়তা করবেন স্মিথ ও ওয়ার্নার। বর্তমানে স্মিথ-ওয়ার্নারকে ছাড়া খর্ব শক্তি নিয়ে খেলছে অস্ট্রেলিয়া। তার পরেও নিষেধাজ্ঞা কমিয়ে তাদের ফেরানোর পথ বেছে নেয়নি অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। বিকল্প হিসেবে তাদের সমৃদ্ধ ভাণ্ডারকেই ব্যবহার করতে চাইছে বোলারদের সামনে।

স্মিথ ও ওয়ার্নারকে বোর্ড যে আমন্ত্রণ জানিয়েছে সেই কথা জানালেন মিচেল স্টার্ক, ‘বোলিং কোচের সঙ্গে তারা কথা বলেছে। আমরা যারা বোলিং করবো তাদের সঙ্গেও আলোচনা চলছে। টেস্টে প্রস্তুতিতে তাদের পাওয়া মানে আমাদের জন্য বিশাল কিছু।’

অস্ট্রেলিয়ান গণমাধ্যমগুলোর দাবি তাদের সাজঘরেও আমন্ত্রণ জানানো হয়েছে। প্রস্তুতিতে বোলারদের সামনে ব্যাট হাতে নেটে অনুশীলন করবেন স্মিথ ও ওয়ার্নার। তাদের পেয়ে এক কথায় উচ্ছ্বসিত স্টার্ক, ‘স্মিথের সামনে নেটে বোলিং করতে পারবো এটা হবে অসাধারণ একটি ব্যাপার। কারণ সে বিশ্বের সেরা ব্যাটসম্যানের একজন। তার ভাবনা গুলোও কাজে দেবে।

স্মিথ ও ওয়ার্নার দুজনেই নিউ সাউথ ওয়েলসের ক্লাব ক্রিকেট খেলার সময়ে অনুশীলন করছেন। নিষেধাজ্ঞা শেষ হলে যাতে ক্রিকেটে ফিরতে পারেন সেই লক্ষ্যে মুখিয়ে আছেন তারা। রবিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডের নেটে ব্যাট হাতে ওয়ার্নারকে জশ হ্যাজেলউডের মুখোমুখি হতে দেখা গেছে। এএফপি।