গ্রুপে নাপোলি ও লিভারপুলের পয়েন্ট সমান। ৬ পয়েন্ট করে, আবার পিএসজির পয়েন্ট ৫, রেড স্টার বেলগ্রেডের চার। তাই এই গ্রুপ থেকে এখনও কারো নক আউট পর্ব নিশ্চিত হয়নি। বরং জটিল হিসেব-নিকেশ মুখ্য হয়ে দাঁড়িয়েছে আজকের ম্যাচগুলোতে। আজকে লিভারপুলের কাছে হেরে গেলে আর নাপোলি ঘরের মাঠে রেড স্টারকে হারালেই বিদায় নিশ্চিত হবে পিএসজির।
অপর দিকে লিভারপুল জয় পেলে আর রেড স্টার নাপোলিকে হারাতে না পারলে রেডরা নিশ্চিত করবে নক আউট। গ্রুপের সবারই পরের পর্বে যাওয়ার পথ উন্মুক্ত হয়ে আছে শর্ত সাপেক্ষে।
এমন অবস্থায় লিভারপুল ঘরের মাঠে পিএসজিকে ৩-২ গোলে হারিয়ে এগিয়ে থাকলেও পিএসজি ঘরের মাঠে ছেড়ে দেওয়ার দল নয়। যারা ঘরোয়া লিগে দুরন্ত ঘরের মাঠে। এমন অবস্থায় প্রাণভোমরা নেইমার ও কিলিয়ান এমবাপের খেলা নিয়ে সংশয় থাকলেও তা দূর হয়েছে তাদের ফিটনেস প্রাপ্তিতে। দুজনই খেলবেন আজকের ম্যাচে। তবে তাদের সামলাতে পুরোপুরি প্রস্তুত লিভারপুলও। শিষ্যদের নিয়ে ইউটিউব ভিডিও বিশ্লেষণের পথ বেছে নিয়েছেন কোচ ক্লপ, ‘প্রতিপক্ষকে ভালোভাবে না জানলে প্রস্তুতি ঠিকমতো নেওয়া যায় না। আমি ছেলেদের ইউটিউব ভিডিও দিয়েছি এমবাপে, কাভানি ও নেইমারের। তাদের শক্তির জায়গাগুলো এখন ছেলেরা জানে।’ এমন ম্যাচে লিভারপুলের প্রাণভোমরা সালাহও আছেন দুরন্ত ফর্মে।
‘বি’ গ্রুপে অবশ্য আগেই নকআউট নিশ্চিত করেছে বার্সেলোনা। আজকে তারা খেলবে পিএসভির বিপক্ষে। ম্যাচটি দেখাবে সনি টেন-২। তবে গ্রুপের অপর ম্যাচে ইন্টার মিলান ও টটেনহাম মুখোমুখি হবে দ্বিতীয় হয়ে পরের পর্ব নিশ্চিত করতে। এক্ষেত্রে তিন পয়েন্ট পাওয়া টটেনহামকে পরের পর্বের আশা বাঁচিয়ে রাখতে ইন্টারকে আজ হারাতেই হবে। দ্বিতীয় স্থানে থাকা ইন্টারের সংগ্রহ ৭। ম্যাচটি দেখাবে সনি সিক্স। আরও মুখোমুখি হবে অ্যাতলেতিকো মাদ্রিদ-মোনাকো, বরুশিয়া ডর্টমুন্ড-ব্রুজ।