থাইল্যান্ডে অভিজ্ঞতা অর্জনে যাচ্ছে বাংলাদেশ

সংবাদ সম্মেলনে দলের সঙ্গে কোচিং স্টাফ।সম্প্রতি নেপালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। কিশোর ফুটবলাররা এবার যাচ্ছে থাইল্যান্ড মিশনে। আগামী শুক্রবার দিবাগত রাতে ঢাকা ছাড়বে মোস্তফা আনোয়ার পারভেজের দল।

সেখানে আগামী ১০ থেকে ১৪ ডিসেম্বর অনুষ্ঠেয় উয়েফার মিনি টুর্নামেন্ট প্রজেক্টের অধীনে একটি প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ। চার জাতির এই প্রতিযোগিতায় বাংলাদেশ খেলবে সাইপ্রাস, মালদ্বীপ ও স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে। উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ সাইপ্রাস। ১২ ডিসেম্বর থাইল্যান্ড ও ১৪ ডিসেম্বর মালদ্বীপের মুখোমুখি হবে কিশোর ফুটবলাররা।

এই আসরে অভিজ্ঞতা অর্জনই মূল লক্ষ্য কিশোর ফুটবলারদের। এছাড়া প্রতিপক্ষ বুঝে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। দলের কোচ মোস্তফা আনোয়ার পারভেজ বাফুফে ভবনে জানালেন সেই অভিজ্ঞতা অর্জনের কথা, ‘এই দলটির মধ্যে ভালো কিছু করার ইচ্ছা আছে। তাদের ঘিরে নিবিড় অনুশীলন চলছে। ওরা প্রতিজ্ঞাবদ্ধ ভালো ফল করার জন্য। এই আসরে মালদ্বীপ বাদে বাকি দুটি দল শক্তিশালী মনে করছি। তবে আমরা সবার সঙ্গে লড়াই করবো। দলের কিশোর ফুটবলারদের জন্য ভালো অভিজ্ঞতা হবে।’

চার জাতির এই আসরে সর্বোচ্চ পয়েন্ট প্রাপ্ত দলই চ্যাম্পিয়ন হবে। তাই দলের অধিনায়ক মিডফিল্ডার মেহেদী হাসানের লক্ষ্য ভালো কিছু উপহার দেওয়া, ‘চার মাস ধরে আমরা এক সঙ্গে অনুশীলনে আছি। সবারই ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে। এখন নতুন একটি আসরে ভালো করতে চাই। আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। আশা করছি আমরা থাইল্যান্ডের আসরে ভালো করতে পারবো।’