সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১১ টায় অনুশীলন শুরু করে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ অনুশীলনে ছিলো ফুরফুরে মেজাজে। স্টেডিয়ামের নেটে পাশাপাশি ব্যাটিং করেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। আর তখনই সাইফউদ্দিনের একটি দুর্দান্ত ইয়র্কার আঘাত হানে সাকিবের বামপায়ের বৃদ্ধাঙ্গুলে। দ্রুত ডেসিংরুমে গিয়ে বরফ পুটলি দেওয়া হয় তার আঘাতপ্রাপ্ত স্থানে।
ব্যথার কারণে সংবাদ সম্মেলনেও আসেননি টি-টোয়েন্টি অধিনায়ক। তিনি তখনও বরফ দিয়ে শুশ্রূষা নিতে ব্যস্ত ছিলেন। তার বদলে সংবাদ সম্মেলনে আসেন হেড কোচ স্টিভ রোডস। তিনিই সাকিবের চোটের সবশেষ অবস্থা জানালেন। প্রথম ম্যাচে বাংলাদেশ দলকে সাকিব নেতৃত্ব দিতে পারবেন, এ ব্যাপারে আত্মবিশ্বাসী প্রধান কোচ, ‘সাকিব ভালো অবস্থায় আছে। পায়ে হালকা চোট পেয়েছে সাইফের বলে। এই মুহূর্তে তার পায়ে বরফ লাগানো হয়েছে। সে ভালো হয়ে যাবে। এই মুহূর্তে সে হাসি মুখেই আছে।'
তার চোট নিয়ে যে খুব বেশি ভাবার কিছু নেই তা বোঝা গেলো কোচের এই মন্তব্য থেকে, ‘যদি এ নিয়ে কালকে কোনও পরিস্থিতি তৈরি হয় তাহলে আমি বিস্মিতই হবো। তার মন মেজাজ ভালো না থাকায় সে আসলে আমাকে সংবাদ সম্মেলনে পাঠিয়েছে। আশা করি কাল সে খেলতে পারবে। তার না খেলার কোন কারণ আমি দেখি না।’
বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন। ইনজুরি কাটিয়ে বেশ কিছুদিন পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফেরেন।