সালার বিধ্বস্ত বিমান থেকে মৃতদেহ উদ্ধার

সালা ও তার বিমানের পাইলটআর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালাকে বহনকারী বিমানটির ধ্বংসাবশেষ অবশেষে পাওয়া গেলেও সেখান থেকে উদ্ধার করা মৃতদেহটি তার কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ‍মৃতদেহটি কার্ডিফ সিটিতে যোগ দেওয়া এই ফুটবলারের নাকি পাইলট ডেভিড ইবোটসনের তা নিশ্চিত হতে সময় লাগবে।

সবেমাত্র ইংলিশ প্রিমিয়ার লিগে যোগ দেওয়ার কথা ছিলো ২৮ বছর বয়সী সালার। দল বদলের ঘোষণার পরপরই সাবেক ক্লাব নঁতে যেতে ফ্রান্স গিয়েছিলেন। সেখান থেকে কার্ডিফে ফেরার পথে ২১ জানুয়ারি ইংলিশ চ্যানেলে তাকে বহনকারী বিমানটি নিখোঁজ হয়।   

বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষশুরুতে প্রাকৃতিক পরিবেশ খুব একটা অনুকূল না থাকায় এক সময় উদ্ধার অভিযানই বাতিল করে দেওয়া হয়েছিলো। পরে ব্যক্তি উদ্যোগে অনুসন্ধানের পর মিললো মৃতদেহ ও বহনকারী বিমানের ধ্বংসাবশেষ। সেই উদ্যোগ তহবিলে দান করেন তারকা ফুটবলাররা। প্রতিকূল অবস্থায় শেষ পর্যন্ত মৃতদেহ দূর নিয়ন্ত্রিত বাহনের মাধ্যমে উদ্ধার করা হয়।

২১ জানুয়ারি দুইজনকে বহনকারী বিমানটি নিখোঁজ হলে সবশেষ উদ্ধার অভিযানের আগে সালা ও পাইলেটের পরিবার অবগত হয়েছিলেন কোনওভাবেই আর জীবিত নন তারা। এই অবস্থায় উদ্ধার অভিযান নিয়ে ঘটনাটির তদন্তকারী প্রতিষ্ঠান এএআইবি জানায়, ‘উদ্ধার অভিযান যথাযথ মর্যাদার সঙ্গেই করার চেষ্টা করা হয়েছে। মৃতদের পরিবারকেও জানানো হয়েছে সবশেষ আপডেট।’

তদন্তকারী সংস্থা আরও জানিয়েছে, উদ্ধার করা মৃতদেহটি পোর্টল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে পাঠানো হবে ডোরসেটে। সেখানকার পুলিশ ময়না তদন্ত শেষ করে জানাবে মৃতের বিস্তারিত তথ্য।