বিতর্কিত পেনাল্টির পক্ষে কারভাহালের যুক্তি

দ্বিতীয় পেনাল্টির সেই মুহূর্ত।লেভান্তের বিপক্ষে রিয়াল মাদ্রিদের পাওয়া দুই পেনাল্টির মাঝে একটিতে রয়ে গেছে বিতর্ক। বিশেষ করে গ্যারেথ বেল যেই পেনাল্টি থেকে গোল করেছেন তার সিদ্ধান্ত সঠিক কিনা এ নিয়ে যত আলোচনা। তবে দলটির ফুলব্যাক দানি কারভাহাল যুক্তি দিলেন পেনাল্টি দু’টির পক্ষে।  

রবিবার লা লিগায় রিয়াল মাদ্রিদ ২-১ ব্যবধানে হারিয়েছে লেভান্তেকে। যেখানে প্রথম পেনাল্টি নিয়ে সমালোচনা না হলেও দ্বিতীয়টি নিয়ে সমালোচনা হওয়ার কারণ বেশ প্রকট। লেভান্তের বদলি খেলোয়াড় চেইক ডুকুরের হাল্কা লাথির স্পর্শে মাটিতে পড়ে গিয়েছিলেন কাসেইমিরো।

ডুকুরের লাথির সেই স্পর্শ আদৌ তার পায়ে ঠিকমতো লেগেছিলো কিনা এ নিয়ে রয়ে গেছে সংশয়। এমনকি কাসেইমিরো পড়ে যাওয়ার ভান করেছেন এ নিয়েও কথা হচ্ছে খুব। কিন্তু কারভাহাল যুক্তি দেখিয়ে বললেন, ‘প্রথমার্ধের শুরুতে যেটা হয়েছিলো, ওরা বলেছিলো তার মুখ ঢেকে ফেলা হয়েছিলো হাত দিয়ে। আর দ্বিতীয়ার্ধের সেই লাথির শব্দ আমি ২৫ মিটার দূর থেকেই শুনেছিলাম।’

রিয়াল মাদ্রিদের বেলাতেও একই ঘটনা ঘটে বলে দাবি কারভাহালের। তিনি দাবি করেছেন তাদের বেলায় তখন কিছুই হয় না, ‘অন্য সময় আমরাও ব্যথা পাই, কিন্তু তখন কিছুই হয় না। রেফারি হওয়াটা সহজ কাজ নয়। তবে আমাদের নিরপেক্ষভাবে এ নিয়ে কাজ করা উচিত।’