তামিমের নবম টেস্ট সেঞ্চুরি

tamim_apহ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম ইকবাল। লাঞ্চের বিরতির পর পর নেইল ওয়াগনারের ওভারে চার মেরে সেঞ্চুরি তুলে নেন তামিম। বিদেশের মাটিতে এটি তামিমের চতুর্থ সেঞ্চুরি।

তার সেঞ্চুরিতেই প্রথম টেস্টের শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। সেডন পার্কে প্রথম সেশনে তামিম ইকবালের আক্রমণাত্মক ব্যাটিংয়ে সেশনটা নিজেদের করে নেয় সফরকারীরা। লাঞ্চের পর পর মিঠুন ফিরে গেলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ১৪৭ রান। তামিম ব্যাট করছেন ১০৩ রানে।   

অথচ ওয়ানডে সিরিজে রানের দেখা পাচ্ছিলেন না তিনি। তাই টেস্ট সিরিজে অপেক্ষা করছিলো বিশাল পরীক্ষা। টস হেরে ব্যাটিংয়ে নামলেও শুরুতে সেই পরীক্ষায় আশার আলো দেখাচ্ছিলেন ওপেনার সাদমান ইসলাম ও তামিম ইকবাল দুজনে মিলে। সাদমান সতর্ক হয়ে খেলেছেন অপর দিকে তামিম ছিলেন আগ্রাসী। দুই ওপেনার মিলেই স্কোরটা নিয়ে যান ৫৭ রানে।

দারুণ এই শুরুটায় আঘাত হানেন ট্রেন্ট বোল্ট। ২৪ রানে ব্যাট করতে থাকা সাদমান অফস্টাম্পের ওপর পরা বল খেলতে গিয়েছিলেন লেগ সাইডে। সুইং করা বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাদমান। অপর দিকে আগ্রাসী ভঙ্গিতে খেলে ২৬তম হাফসেঞ্চুরি তুরে নেন তামিম। অবশ্য কলিন ডি গ্র্যান্ড হোমের ১৮তম ওভারে ক্যাচ তুলে দিয়েছিলেন তামিম ইকবাল। ৬৫ রানে ব্যাট করছিলেন তখন। ফিরতি সেই ক্যাচ অবশ্য লুফে নিতে পারেননি গ্র্যান্ড হোম। এই সুযোগটি কাজে লাগান সেঞ্চুরি তুলে নিতে। আক্রমণাত্মক ব্যাটিংয়ে চারের মার রয়েছে ১৮টি।  

অপর প্রান্তে অবশ্য খুব সাবধানে খেলছিলেন মুমিনুল হক। বিরতির আগ পর্যন্ত ধীরে সুস্থেই খেলতে থাকেন। বিপত্তি বাঁধে ২৭তম ওভারে। নেইল ওয়াগনারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে মুমিনুল ফেরেন ১২ রান করে। এর পর মিঠুন তার সঙ্গে কিছুক্ষণ প্রতিরোধ দিয়ে খেললেও ওয়াগনারের বলে উড়িয়ে মারতে গিয়ে তালুবন্দী হয়েছেন ৮ রানে।

আজকের ম্যাচে অবশ্য চক বাজার অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে ও পুরস্কার প্রাপ্ত সাবেক ক্রিকেটার ও কোচ সৈয়দ আলতাফ হোসেনের মৃত্যুতে কালো আর্ম ব্যান্ড পরেছে বাংলাদেশ।