ঘরের মাঠে টানা তিন হারে দুই শিরোপা (লা লিগা, কোপা দেলরে) জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেলেও এখনও বেঁচে রয়েছে চ্যাম্পিয়নস লিগ শিরোপা। আয়াক্সের বিপক্ষে প্রথম লেগ জিতে কাজ কিছুটা সেরে রেখেছে রিয়াল। আমস্টারডামের ম্যাচটি তারা জিতেছে ২-১ গোলে।
এবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি হলেও তা জিততে তাদের প্রেরণার রসদ খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে। কারণ ঘরের মাঠে টানা তিন ম্যাচে হার দেখেছে তারা। তার ওপর বর্তমান গোল মেশিন খুব একটা কাজে না লাগায় রোনালদোর অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পাচ্ছে সোলারির দল। সেই শঙ্কট নিজের মুখে স্বীকার করলেন দলটির তারকা মিড ফিল্ডার লুকা মদরিচ, ‘ও যা করে গেছে তাতে বলতেই হয় আমরা ওকে খুব মিস করি।’ একই সঙ্গে ফিনিশারের অভাবে বছরটা যে খুব একটা আহামরি অবস্থানে থেকে কাটানো যায়নি সেই আক্ষেপটাও ফুটে উঠে তার ভাষ্যে, ‘এই বছরে এটাই সবচেয়ে বড় সমস্যা ছিলো আমাদের। সবশেষ বার্সেলোনার বিপক্ষে অনেক সুযোগ তৈরি করেছি। কিন্তু তা কাজে লাগাতে না পারলে প্রতিপক্ষ সুযোগটা ঠিকই নিয়ে নেবে।’
তার ওপর দুই ম্যাচের নিষেধাজ্ঞায় থাকা হচ্ছে না রিয়াল অধিনায়ক সের্হিয়ো রামোসের। এমন প্রতিকূল অবস্থায় নিজেদের সুযোগ দেখছেন আয়াক্স কোচে এরিক টেন হ্যাগ, ‘আমার মনে হয় পিচে ওই কিন্তু সবার বস। ওর না থাকাটা রিয়ালের শুধু কৌশলগত ক্ষতি নয় মানসিকভাবেও বড় ক্ষতি।’ একই সঙ্গে রিয়ালকে একভাবে প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রাখলেন এই কোচ, ‘আমাদের লক্ষ্য খুব পরিষ্কার-গোল করা। আমরা কার বিপক্ষে খেলছি তার তোয়াক্কা করি না।আমাদের লক্ষ্য সব সময়ই এক থাকে।’
অপর দিকে একই সময়ে শেষ ষোলোর দ্বিতীয় লেগে টটেনহাম মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ডের। ম্যাচটি দেখাবে সনি টেন-১। প্রথম লেগ টটেনহাম জিতে রেখেছে ৩-০ গোলে। আজ জিতলেই কোয়ার্টার ফাইনালে চলে যাবে ইংলিশ ক্লাবটি।