হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে বেশ কয়েক ম্যাচে খেলা হয়নি জুভেন্টাস ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোর। এই সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাস মুখোমুখি হবে আয়াক্সের। কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি অবশ্য আত্মবিশ্বাসী আসন্ন এই ম্যাচে পাওয়া যাবে জুভেন্টাস প্রাণভোমরাকে।
শনিবার চোটের কারণে এসি মিলানের বিপক্ষে ছিলেন না পর্তুগিজ ফরোয়ার্ড। পর্তুগালের সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের পর থেকে হ্যামস্ট্রিংয়ের চোটে সবশেষ তিন খেলায় তাকে আর পাওয়া যায়নি। অথচ চ্যাম্পিয়নস লিগে এই রোনালদোর নৈপুণ্যেই কোয়ার্টার ফাইনালে ইতালিয়ান জায়ান্টরা। এমন অবস্থায় বুধবারের ম্যাচে আয়াক্সের বিপক্ষে তাকে নিয়ে সুখবরই দিলেন কোচ অ্যালেগ্রি, ‘সে সব সময় নিজেকে ফিট দাবি করে। তবে আজকে ওকে বিশ্রামে থাকতে বলেছিলাম।’
মিলানের বিপক্ষে ম্যাচের পর কোচ অ্যালেগ্রি যে সুরে কথা বললেন তাতে বোঝাই যাচ্ছে বুধবার আয়াক্সের বিপক্ষে পাওয়া যেতে পারে রোনালদোকে, ‘আমরা খুবই আত্মবিশ্বসী যে বুধবার আয়াক্সের বিপক্ষে তাকে পেতে পারি।’
৫ বারের ব্যালন ডি’ওর জেতা রোনালদোকে ছাড়াই এসি মিলানের বিপক্ষে ২-১ গোলে জিতেছে জুভেন্টাস। ঘরোয়া লিগে উড়তে থাকা দলটির সামনে চ্যাম্পিয়নস লিগ মিশনের কোয়ার্টার ফাইনাল পর্ব। যেখানে রোনালদোর থাকা মানেই জুভেন্টাসের উত্তুঙ্গ আত্মবিশ্বাস!