মৌসুম শেষ হ্যারি কেইনের!

পায়ে চোট পেয়েছেন হ্যারি কেইন।চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে টটেনহাম। এমন সুখবরের সঙ্গে দুঃসংবাদ রয়েছে ইংলিশ ক্লাবটির শিবিরে। দলটির তারকা স্ট্রাইকার হ্যারি কেইন চোট নিয়ে হয়তো ছিটকে গেছেন বাকি মৌসুম থেকে!

টটেনহাম কোচ পচেত্তিনো ম্যাচের পর তেমন আশঙ্কার কথাই জানালেন। তিনি জানান, ‘সত্যিই বিষয়টা খুব দুঃখজনক। পরিস্থিতি আরও কঠিন হয়ে গেলো, ওকে আমরা মিস করতে যাচ্ছি। মনে হচ্ছে বাকি মৌসুমেই ওকে পাওয়া যাবে না।’

ম্যাচটির ৫৫ মিনিটে বাম গোড়ালিতে চোট পান কেইন। প্রতিপক্ষ ডিফেন্ডার ফাবিয়ান ডেলফের ক্লিয়ারেন্স ব্লক করতে গেলে তখনই ডেলফ তার পায়ের ওপর আচমকা পা দিয়ে ফেলেন।

চোট আশঙ্কাজনক হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে টানেলে চলে যেতে হয়। কারণ বাম গোড়ালিতে কোনওভাবে চাপ দিতে পারছিলেন না। বদলে তখন মাঠে নামেন লুকাস মওরা।

কেনের ইনজুরি বিশাল ধাক্কাই বলতে হবে টটেনহামের জন্য। ইংলিশ এই স্ট্রাইকার জানুয়ারিতে এই বাম গোড়ালিতেই চোট আক্রান্ত হয়েছিলেন।