এমন ম্যাচে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিলো লিওনেল মেসিকে। বুধবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচ থাকায় এমনটি করার পক্ষে ছিলেন বার্সা কোচ ভালভারদে। কিন্তু মেসিকে বসিয়ে রাখলে যে বার্সার শিরোপা আজ নিশ্চিত হতো না তা নিজেই প্রমাণ করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। হাফ টাইমে মাঠে নেমে ৬২ মিনিটে করেন ম্যাচটির একমাত্র গোল। তার লিগের ৩৪তম গোলই শিরোপা নিশ্চিত করে দেয় বার্সার।
অবশ্য লেভান্তেও যে বার্সা রক্ষণে হানা দিয়ে তাদের বিব্রত করেনি এমনটি নয়। তাতে অবশ্য লক্ষ্য ভেদ হয়নি। কিন্তু শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়েই ব্যাক টু ব্যাক শিরোপা নিশ্চিত করেছে কাতালানরা। গত ১১ বছরে যা অষ্টম।
বার্সার অবশ্য আগেই শিরোপা নিশ্চিত হতে পারতো যদি অ্যাতলেতিকো মাদ্রিদ একই দিন ভায়াদোলিদের কাছে হেরে যেত। শেষ পর্যন্ত অ্যাতলেতিকো জিতে যাওয়ায় লেভান্তের বিপক্ষে ম্যাচের ফলটাই হয়ে দাঁড়ায় নির্ধারক।
এই অবস্থায় ৩৫ ম্যাচে বার্সার সংগ্রহ ৮৩ পয়েন্ট। অ্যাতলেতিকো মাদ্রিদের সংগ্রহ সমান ম্যাচে ৭৪ পয়েন্ট। ম্যাচ এখনও বাকি আরও তিনটি।
লা লিগায় মেসির গোল সংখ্যাও এদিন নিকটতম প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে গেছে আরও। মোট গোল ৩৪টি। পিচিচি পাওয়ার দৌড়ে সতীর্থ লুই সুয়ারেস ও রিয়াল মাদ্রিদের করিম বেনজিমাদের চেয়ে ১৩ গোল বেশি!