এই লিভারপুল ক্লপের কাছে ‘দৈত্য’ সমান!

দলের সঙ্গে কোচ ক্লপ।চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে অসহায় হতে দেখা গিয়েছিলো লিভারপুলকে। হওয়াটাও স্বাভাবিক। বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগেই ছিটকে গেছেন তাদের আক্রমণের মূল অস্ত্র মোহাম্মদ সালাহ, ফিরমিনো। প্রাণভোমরাদের না থাকায় অনেকেই লিভারপুলের বিদায় নিশ্চিত ভেবেছিলেন! অথচ সেই লিভারপুলই বার্সেলোনার বিপক্ষে অতিমানবীয় কীর্তি গড়ে নিশ্চিত করেছে ফাইনাল। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের কাছেও অপ্রত্যাশিত ছিলো এমন কিছু। তাই ফাইনাল জেতার পর এই দলকে ‘দৈত্য’ মনে হচ্ছে তার কাছে!

দ্বিতীয় লেগে তাদের জয়টা ছিলো ৪-০ তে। অথচ খোদ লিভারপুলই এমন প্রত্যাবর্তন সম্ভব হবে না বলে ধরে নিয়েছিলো ম্যাচের আগে। ক্লপ তো বলেই দিয়েছিলেন, সালাহ, ফিরমিনো নেই, তাই এখন না পারলেও এর ইতিটা যেন হয় অনিন্দ্য সুন্দরভাবে। আর সেই অনিন্দ্য সুন্দরটা যে এমন হবে তা ভাবতে পারেননি ক্লপও। তার ভাষায়, ‘ওরা আসলেই.....দৈত্য।’ অবশ্য এমন প্রতিক্রিয়ায় অপ্রকাশযোগ্য অভিব্যক্তিও জুড়ে দিয়েছিলেন লিভারপুল কোচ। কিন্তু এমন অবিশ্বাস্য কীর্তির পর সেই ভাষা ব্যবহারে সংযত থাকতে না পারায় বললেন, ‘এমন ভাষা ব্যবহারের জন্য পারলে আমাকে তোমরা জরিমানা করো।’

স্বাভাবিক ভাবেই এমন জয়টা খুব বেশি আবেগঘন পরিস্থিতি তৈরি করেছে লিভারপুল শিবিরে। একসঙ্গে দলীয়ভাবে এমন আবহ তৈরি হওয়ার পর ক্লপ বললেন, ‘এমন আবেগঘন পরিস্থিতি বিশেষ কিছু। সব কিছু আসলে সম্ভব হয়েছে খেলোয়াড়দের জন্য। জেমস মিলনার তো কেঁদেই দিয়েছিলো। বলতে গেলে এখানে এমন ক্ষমতাবান ও অবিশ্বাস্য হৃদয়ের যে মিশ্রণ তা আগে দেখিনি।’