দলের প্রশংসায় মোহাম্মদ হাফিজ

ম্যাচসেরা মোহাম্মদ হাফিজ। ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তান কতদূর যেতে পারবে, এ নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে। উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হার দিয়ে তাদের শুরু। তবে স্বাগতিকদের হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ১৯৯২-এর চ্যাম্পিয়নরা। দারুণ জয়ে উচ্ছ্বসিত পুরো দল। বিশেষ করে বিশ্বকাপের আগে সিরিজ হারতে হয়েছে ইংল্যান্ডের কাছে। আর সেই দলের বিপক্ষেই কিনা দ্বিতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়ালো পাকিস্তান!

৮৪ রান করে ম্যাচ সেরা মোহাম্মদ হাফিজ তো নিজ দলের প্রশংসায় পঞ্চমুখ, ‘আমি জানি না ইংল্যান্ড দলটি আত্মবিশ্বাসী ছিল কিনা। তবে আমাদের যে আত্মবিশ্বাসে কোনও ঘাটতি ছিল না, সেটা নিশ্চিত করে বলতে পারি।’

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া সিরিজ নিয়ে এই অলরাউন্ডার বলেছেন, ‘ইংল্যান্ডের সঙ্গে সিরিজে আমরা প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করেছি। কিন্তু কিছু বড় ভুল করেছিলাম। সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারলে হয়তো হারতে হতো না। তবে আশার কথা হলো, বিশ্বকাপে আমরা সেই ভুলগুলো করিনি। বরং স্বাগতিকরা ভুল করেছে।’

প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর দল বিচলিত হয়ে পড়েনি। নতুন উদ্যোমে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল। এমনই দাবি হাফিজের, ‘ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর আমরা নিজেদের মধ্যে কথা বলেছি। সেখানে সামনের দিকে ভালো খেলার বিষয়টিতে প্রাধান্য ছিল। যে করেই হোক ঘুরে দাঁড়াতে হবে। দ্বিতীয় ম্যাচ জিতেছি, এই ভেবে ভালো লাগছে যে আমরা সঠিক পথে আছি।’