হাথুরুসিংহের বদলে শ্রীলঙ্কার অন্তর্বর্তী কোচ জেরোমি জয়ারত্নে?

অন্তর্বর্তী কোচ হচ্ছেন জেরোমি জয়ারত্নে?চন্ডিকা হাথুরুসিংহেকে যে শ্রীলঙ্কা রাখছে না- তা কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে। বিপত্তি শুধু কীভাবে হাথুরুসিংহেকে বিদায় দেওয়া যায়। শ্রীলঙ্কার গণমাধ্যমগুলোর খবর তাকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতোমধ্যে। ঠিক করা হয়েছে অন্তর্বর্তী কোচও!

শ্রীলঙ্কায় ইতোমধ্যে সিরিজ খেলতে পৌঁছেছে নিউজিল্যান্ড। কথা ছিল এই সিরিজ পর্যন্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন হাথুরুসিংহে।  মন্ত্রণালয়ের কাছ থেকে তেমন অনুমতিও নেওয়া ছিল। কিন্তু ভেতরকার খবর লঙ্কান বোর্ডের সঙ্গে কোনও সমঝোতাতে পৌঁছাতে পারেননি হাথুরুসিংহে। বরং চুক্তি বাতিল প্রশ্নে উল্টো এখতিয়ারের প্রসঙ্গ তুলেছেন তিনি। কারণ তার চুক্তি থাকার কথা ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত।

সঙ্গে হাথুরুসিংহের চুক্তি নিয়েও ঝামেলা অনেক। বোর্ডকে বলা হয়েছে হয়তো নতুন চুক্তি করা হোক না হলে এই চুক্তি বাতিল করা হোক। কারণ দলের যা অবস্থা তাতে এত বেশি বেতন নিতে পারেন না তিনি- এমনই মত কর্তৃপক্ষের। তাই চুক্তি বাতিলের পক্ষে তারা। এমনকি তাতে আইনগত ঝামেলা থাকার পরেও!

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সম্পাদক মোহান ডি সিলভা জানিয়েছেন, ‘আমরা চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি বাতিল করবো। তার বদলে নিউজিল্যান্ড সিরিজে ভারপ্রাপ্ত কোচ বানাবো জেরোমি জয়ারত্নেকে।’

এর আগেও একই দায়িত্ব পালন করেছেন জয়ারত্নে। ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে অন্তর্বর্তী কোচ ছিলেন তিনি। নিউজিল্যান্ড সফরেও তার অধীনে দারুণ করেছিল দল। সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজও তার প্রশংসা করেছেন সে সময়। -ডেইলি নিউজ শ্রীলঙ্কা।