জ্যামাইকার জালে ফ্রান্সের ৮টা

সম্প্রতি চোট পেয়ে দল থেকে ছিটকে গেছেন ফরাসি উইঙ্গার ফ্র্যাঙ্ক রিবেরি। এতেই চিন্তার ভাঁজ পড়েছিল ফরাসি কোচ দিদিয়ের দেশমের। বিশ্বকাপটায় কেমন করবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা? সেই চিন্তার ভাঁজ কিছুটা হলেও দূর করতে পেরেছে তার শিষ্যরা। কারণ প্রস্তুতি ম্যাচে জ্যামাইকাকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্স। রোববার শেষ প্রস্তুতি ম্যাচে আগুনে পারফর্ম করেছে ফরাসিরা। এতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন করিম বেনজেমা। নিজে করেছেন জোড়া গোল (৩৮ মি. ও ৬৩ মি.)। এছাড়া বানিয়ে দিয়েছেন আরও তিনটি। বেনজেমা ছাড়াও জোড়া গোল করেছেন মাতুইদি (২০ মি. ও ৬৬ মি.) ও গ্রাইজম্যান (৭৭ মি. ও ৮৯ মি.)। এছাড়া একটি করে গোল করেছেন কাবাইয়ে (১৭ মি.) ও অলিভিয়ের গিরুদ (৫৩ মি.)। বিশ্বকাপে 'ই' গ্রুপে ১৫ জুন নিজেদের প্রথম ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হবে ফ্রান্স। এর আগে ২ জুন প্যারাগুয়ের সঙ্গে প্রস্তুতি ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল ফ্রান্স।