রোনালদো খেললেন এবং জয় দেখলেন

শঙ্কা ছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। বিশ্বকাপে খেলতে পারবেন তো পর্তুগিজ এই তারকা? অবশেষে অায়ারল্যান্ডের বিপক্ষে খেললেন এবং জয়ের সাক্ষী হলেন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার। মঙ্গলবার প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে ৫-১ গোলে হারিয়েছে পর্তুগিজরা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিট থেকেই আইরিশ রক্ষণ দুর্গ চূর্ণ করেছে পর্তুগাল। গোল করেন হুগো আলমেইদা। তবে দ্বিতীয় গোলটি আইরিশরা নিজেরাই উপহার দিয়েছে পর্তুগালকে! পতুর্গালের আক্রমণ ঠেকাতে গিয়ে একজন আইরিশ ডিফেন্ডার নিজেদের জালেই বল পাঠিয়ে দেন। এরপর খেলার ৩৭ মিনিটে দ্বিতীয় বারের মত আইরিশ রক্ষণে আঘাত হানেন আলমেইদা। এরপর প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। প্রথমার্ধে তিন গোল হজমের পরই যেন সংবিৎ ফিরে পায় অায়ারল্যান্ড। ৫২ মিনিটে ম্যাক্লিনের গোলে একটি গোল শোধ করে তারা। তাতেও লাভ হয়নি। ৭৭ ও ৮৩ মিনিটে ভেইরনহা ও কোয়েন্ত্রাওয়ের গোলে ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর দল। ম্যাচে রোনালদো থাকলেও মাঠে ছিলেন মাত্র এক ঘণ্টা। তবে তিনি কোনও গোলের দেখা না পেলেও আত্মবিশ্বাস ফিরিয়েছেন পর্তুগিজ শিবিরে।