বিশ্বকাপে ‘সি’ গ্রুপের ম্যাচে উড়ন্ত সূচনা করেছে কলম্বিয়া। গ্রিসকে ৩-০ গোলে হারিয়েছে প্যাকারম্যানের শিষ্যরা। চোট পেয়ে বিশ্বকাপের আগেই দল থেকে ছিটকে পড়েছেন কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও। তাই ফ্যালকাও বিহীন আক্রমণভাগ নিয়ে শঙ্কায় ছিলেন কোচ প্যাকারম্যান। কিন্তু সেই ফ্যালকাওর অনুপস্থিতি বিন্দুমাত্র টের পেতে দেয়নি রদ্রিগেজ, গুতিরেজ ও আরমেরোরা। রদ্রিগেজের নেতৃত্বে একের পর এক আক্রমণ শানিয়ে কাঁপন ধরিয়েছে গ্রিসের রক্ষণে। ফলাফল ৫, ৫৮ ও ৯০+৩ মিনিটে তিনটি গোল আদায় করে নিয়েছে কার্লোসভালদেরামার উত্তরসূরীরা। গোল তিনটি করেছেন আরমেরো, গুতিরেজ, ও রদ্রিগেজ। অপরদিকে পাল্টা আক্রমণে গেলেও রক্ষণ সামলাতে ব্যস্ত ছিল গ্রিস। কারণ, বেশিরভাগ সময়ই তাদের রক্ষণে হামলা চালিয়েছে কলম্বিয়ানরা।