জার্মান ফুটবল কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারকে তিন মাসের জন্য সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করেছে ফিফা। ২০২২ সালের বিশ্বকাপের স্বাগতিক দেশ নির্বাচনে দুর্নীতির তদন্তে সহায়তা না করায় তাকে এই শাস্তি দিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থাটি। তুমুল বিতর্কের মধ্যে ব্রাজিলে ফুটবল বিশ্বকাপ শুরুর ঠিক একদিন পরেই ফিফা এই জার্মান কিংবদন্তিকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিলো। বেকেনবাওয়ারই জার্মানির একমাত্র কিংবদন্তি ফুটবলার যিনি খেলোয়াড় এবং কোচ হিসেবে দেশকে দুই বার বিশ্বকাপ জিতিয়েছেন। ২০২২ সালের বিশ্বকাপের স্বাগতিক নির্বাচনে দুর্নীতির অভিযোগে ফিফার গঠিত তদন্ত কমিটিকে সাহায্য করার জন্য বলা হয়েছিল বেকেনবাওয়ারকে। কারণ, ৬৮ বছর বয়সী এই কিংবদন্তি ফুটবলার ফিফার এক্সিকিউটিভ কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ২০১৮ সালের রাশিয়া ও ২০২২ সালের কাতার বিশ্বকাপের জন্য তিনিও ভোট দিয়েছিলেন। এ বিষয়ে ফিফা জানিয়েছে, দুর্নীতির তদন্তে সাহায্য করতে বারবার অনুরোধ করা সত্ত্বেও বেকেনবাওয়ার তাতে সাড়া দেননি। তাই তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু বেকেনবাওয়ার বলছেন, 'অামি খুব অান্তরিকতার সঙ্গেই তাদের বলেছিলাম যে, এ বিষয়ে অালোচনাটি জার্মানিতে করার জন্য। কিন্তু তারা এতে রাজি হয়নি। এছাড়া অামার পক্ষে ওই তদন্ত সম্পর্কে পরিষ্কার করে কিছু বলা সম্ভব নয়।' তবে ফিফার দাবি বেকেনবাওয়ার তাদের ইংরেজি ও জার্মান উভয় ভাষাতেই লিখিত প্রশ্নপত্র পাঠাতে বলেন। কিন্তু তদন্তের স্বার্থেই তা সম্ভব নয়।