অবশেষে বিশ্বকাপে আফ্রিকা জুজু কাটিয়েছে মেক্সিকো। ‘এ’ গ্রুপের ম্যাচে আফ্রিকার অদম্য সিংহ ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়েছে উত্তর আমেরিকার দেশটি। এর আগে বিশ্বকাপে কখনও কোনও আফ্রিকান দেশের বিপক্ষে জয়ের মধুর স্বাদ নিতে পারেনি মেক্সিকো। তবে এবারের আসরে এসে সেই অপূর্ণতা ঘুচিয়েছে এল ত্রি’রা। শুক্রবার অ্যারেনা দাস দুনাস স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্যের স্বাক্ষর রেখে খেলেছে মেক্সিকো। তবে তাদের সেই আধিপত্যে উল্টো প্রভাব দেখিয়েছে ভাগ্যদেবী। কারণ, ৪৫ মিনিটে মেক্সিকোর অ্যাটাকিং মিডফিল্ডার গিওভানিকে পেনাল্টি বক্সে খুব বাজেভাবে ধাক্কা মেরে ফেলে দেওয়ার পরও পেনাল্টি পায়নি মেক্সিকো। ঘটনাকে হাল্কাভাবে নেওয়ায় পেনাল্টির বদলে কর্নার জুটে মেক্সিকোর কপালে। একইভাবে অফসাইডের কারণে এই গিওভানির দুটি গোলই বাদ করে দেন রেফারি। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণে আরও শান দিয়ে খেলে মেক্সিকো। একের পর এক আক্রমণ শানিয়ে ব্যতিব্যস্ত করে তোলে ক্যামেরুনের রক্ষণকে। মাঝে ৫৭ মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন মেক্সিকোর মরেনো। তাতেই তেতে উঠে মেক্সিকো। পাল্টা জবাব হিসেবে ৬১ মিনিটে ক্যামেরুনের জাল কাঁপায় মিগুয়েল হেরেরার শিষ্যরা। গোল করেন মেক্সিকান স্ট্রাইকার পেরাল্টা। তবে এবারও গোলের সুযোগ তৈরি করেছিলেন সেই গিওভানি। তার নেওয়া শটটাকে প্রথমে দুর্দান্তভাবে হাত দিয়ে ঠেলে দেন ক্যামেরুন গোল রক্ষক। আর সেই ফিরতি বলকেই লক্ষ্য বানান পেরাল্টা। ম্যাচে স্যামুয়েল ইতোর ক্যামেরুন কিছু সুযোগ তৈরি করলেও বল দখলের পরিবর্তে দৈহিক আধিপত্য দেখিয়েছে আফ্রিকার অদম্য সিংহরা। যার প্রভাবও পড়েছে ম্যাচের ফলাফলে। শেষ পর্যন্ত মেক্সিকোর কাছে প্রথম ম্যাচে ১-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।