সিটির দ্বিতীয় গোলের পর জেসুসের উল্লাস। লিগ কাপের চতুর্থ রাউন্ডে পৌঁছেছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। প্রেস্টন নর্থ এন্ডকে ৩-০ গোলে হারিয়েছে সিটি, গোল উৎসবের ম্যাচে আর্সেনাল ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে নটিংহাম ফরেস্টকে। অপর দিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে তৃতীয় রাউন্ডে বিদায় নিয়েছে টটেনহাম হটস্পার।
তৃতীয় রাউন্ডের খেলায় শুরুতে দারুণ এক গোলে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটিকে এগিয়ে দেন রাহিম স্টারলিং। ৩৫ মিনিটে পরের গোলটা অবশ্য বানিয়ে দিয়েছেন গাব্রিয়েল জেসুসকে। ৪২ মিনিটে প্রেস্টনের আত্মঘাতী গোলে স্কোর লাইন ৩-০ হয় ম্যানসিটির।
চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে আর্সেনালও। অপর দিকে নটিংহাম ফরেস্টকে নিয়ে গোল উৎসবে মেতেছিল আর্সেনাল। তবে গোল উৎসবের এই ম্যাচের প্রথমার্ধটা ছিল প্রায় নিষ্প্রাণ। ৩১ মিনিটে মার্তিনেলির গোলটাই ছিল উল্লেখযোগ্য। পরের অর্ধে আক্রমণের ঢেউ তুলে চারটি গোল আদায় করে নেয় তারা। এই অর্ধে জোড়া গোলের দেখা পান মার্তিনেলি। একটি করে গোল করেন হোল্ডিং, উইলক ও নেলসন।
অপর দিকে চতুর্থ বিভাগের দলের কাছে অবিশ্বাস্যভাবে হেরে বিদায় নিয়েছে টটেনহাম। কোলচেস্টার ইউনাইটেডের সঙ্গে নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য ড্র হলে টাইব্রেকারে ম্যাচটি গড়ালে সেখানে কপাল পোড়ে টটেনহামের। পেনাল্টিতে হারে ৪-৩ গোলে!