'ডি' গ্রুপের বাঁচা-মরার লড়াইয়ে বৃহস্পতিবার রাতে মুখোমুখি হচ্ছে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে ও ইংল্যান্ড। সাও পাওলোর আজকের ম্যাচটিতে পরাজিত দলকে বিদায় নিতে হবে ২০১৪ বিশ্বকাপ থেকে। আর যারা জিতবে তাদেরকে তাকিয়ে থাকতে হবে পরের ম্যাচের দিকে। সঙ্গত কারণে দু'দলই মাঠে নামবে জয়লাভের লক্ষ্য নিয়ে। গ্রুপটা বেশ কঠিন তাতে কোনও সন্দেহ নেই। কোস্টারিকাকে বাদ দিয়ে বাকি তিন দলের খেলায় যে কেউ প্রতিপক্ষকে হারাতে পারে। তাই ইতালির সঙ্গে ইংল্যান্ডের পরাজয়টা কোনও অঘটন নয়। প্রতিদ্বন্দিতাময় এই ম্যাচে ইংল্যান্ড জিতে গেলে বিষয়টা একই রকমই দাঁড়াবে। কিন্তু কোস্টারিকা ৩-১ গোলে উরুগুয়েকে হারিয়ে দিয়ে পুরো হিসাবটাই পাল্টে দিয়েছে। তাদের সামনে হাতছানি দিচ্ছে দ্বিতীয় পর্বে যাওয়ার স্বপ্ন। ইংল্যান্ড আজকের ম্যাচে জয়লাভ করলে শেষ ম্যাচে তাদের সুযোগ থাকবে কোস্টরিকার সঙ্গে জয়লাভের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বে যাওয়ার। তাই রয় হজসনের শিষ্য জেরার্ড, ল্যাম্পার্ড, রুনি, স্টারিজদের জ্বলে উঠার এটাই প্রকৃত সময়। অন্যদিকে উরুগুয়ের জন্য আজকের ম্যাচে জয়লাভ এবং শেষ ম্যাচে ইতালির সঙ্গে জয়লাভ করাটা অনেকটা কঠিনই বলা যায়। তবু্ও অস্কার তাবারেজের শিষ্য ফোরলান, কাভানি, রদ্রিগেজরা জ্বলে উঠার দিনে যে কাউকে তারা হার মানাতে সক্ষম। সঙ্গে লুইস সুয়ারেজ যদি আজকের ম্যাচে ফিরে আসেন তবে কাজটা আরও সহজ হয়ে যাবে উরুগুয়ের জন্যে। তাই 'ডু অর ডাই' ম্যাচটি বিশ্বকাপের প্রতিদ্বন্দিতাময় ম্যাচগুলোর একটি হতে পারে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১টায়।