শাস্তি পাচ্ছেন সাকিব!

মিরপুরে এক দর্শককে জুতাপেটা করে শিরোনাম হয়েছেন সাকিব। এ ঘটনায় দেশসেরা অলরাউন্ডারে পক্ষে অনেকেই কথা বলছেন অাবেগতাড়িত হয়ে। কিন্তু একইসঙ্গে এ ঘটনার মধ্য দিয়ে আইসিসির শৃঙ্খলাবিরোধী আচরণও করেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

ঘটনার সূত্রপাত ১৫ জুন, ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে। বৃষ্টিতে খেলা বন্ধ থাকার সময় ঘটনাটি ঘটে বলে বিসিবি ও গ্যালারির দর্শকদের সূত্রে জানা যায়।

যেমনটি শোনা গেছে-স্ত্রীকে দেখতে গ্যালারিতে অাসার পর উত্যক্ত করার ঘটনা শুনেই উত্তেজিত সাকিব জুতাপেটা করেন ওই দর্শককে। কিন্তু নিয়মানুযায়ী খেলা চলার সময় কোনও ক্রিকেটার ম্যানেজম্যান্ট-এর অনুমতি না নিয়ে ড্রেসিং রুম ত্যাগ করতে পারে না। এও শোনা গেছে, ওই ঘটনার তথ্য সাকিবকে পৌঁছে দেওয়ার পরই সাকিব সেখানে ছুটে আসেন। এখানেও প্রশ্ন থাকে, যেখানে ড্রেসিং রুমে বাইরের কারোর প্রবেশাধিকার নেই, সেখানে এ তথ্য সাকিব পেলেন কী করে?

ঘটনার তীব্রতা এমনই যে ওই অভিযুক্ত ছেলের বিরুদ্ধে মামলাও করেছেন সাকিব। কিন্তু এখানে সাকিব নিজেও আইন লঙ্ঘন করেছেন। আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-২ ভঙ্গ করেছেন। যার শাস্তি হতে পারে ম্যাচের ৫০ভাগ ফি কেটে নেওয়া,অথবা দুটি ওয়ানডের জন্য নিষিদ্ধ হওয়া। এ প্রসঙ্গে কয়েকটি পত্রপত্রিকায় খবর এসেছে,আপাতত সাকিবকে আর্থিক জরিমানা করেই ছেড়ে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, “এ ঘটনায় সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এ সিদ্ধান্ত এখনই নয়।”

তিনি আরও বলেন সাকিবের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেই সিদ্ধান্ত সিরিজ শেষ হওয়ার পরই নেওয়া হবে।

প্রসঙ্গত, গতবছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচেও বিতর্কে জড়িয়ে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন সাবেক এই অধিনায়ক। যেখানে সরাসরি টিভি সম্প্রচার চলার সময় অশালীন অঙ্গভঙ্গি করেছিলেন তিনি। বার বার বিতর্কে জড়ানোর কারণে সাকিবের ওপর রুষ্ট হয়েছেন বিসিবির শীর্ষ পর্যায়ের কিছু পরিচালক। তারা এবারও চাইছেন কঠোর শাস্তি হোক সাকিবের। কারণ তাদের চাওয়া, দেশসেরা এই অলরাউন্ডার সবার কাছে অনুকরণীয় হয়েই থাকুক, বিতর্কের উদাহরণ হয়ে নয়।