ব্রাজিল বিশ্বকাপে অালো ছড়ানোর কথা ছিল ইকার ক্যাসিয়াস, জিয়ানলুইজি বুফন বা ম্যানুয়েল নয়্যারদের। কিন্তু এবারের অাসরে তাদের পেছনে ফেলে প্রাদপ্রদীপের অালোয় চলে এসেছেন মেক্সিকান গোলরক্ষক গিলের্মো ওচোয়া। বুধবার রাতে ব্রাজিল-মেক্সিকো ম্যাচের পর থেকেই চলছে ওচোয়া বিশ্লেষণ। এখন জেনে নেওয়া যাক- কে এই 'অখ্যাত' মেক্সিকান দেয়াল- ১. এতোদিন ফরাসি ক্লাব অাজাচ্চিওর রক্ষণের নির্ভরতার প্রতীক হিসেবে ছিলেন ২৮ বছর বয়সী ওচোয়া। অজানা কোনও কারণে তার সঙ্গে চুক্তি অার বাড়াতে রাজি নয় সেই ক্লাব। তাই এ মাসেই অাজ্জাচ্চিওর সঙ্গে চুক্তি শেষ হচ্ছে তার। তবে ইউরোপীয় বড় বড় ক্লাবগুলোর কাছ থেকে প্রস্তাব পেলেও আটলান্টিকের ওপাড়ে ফ্রান্সকেই ক্যারিয়ারের তীর্থভূমি বানিয়েছেন ওচোয়া। ২. ২০১১ সালে বিতর্কের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন মেক্সিকান এই গোলরক্ষক। অাজাচ্চিওর সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার অাগে যে পাঁচ মেক্সিকান ফুটবলারকে নিয়ে ডোপ পাপের কালো মেঘ ঘন হয়ে উঠেছিল তার কেন্দ্রে ছিলেন ওচোয়ো। তিনি ডোপ টেস্টে ধরা পড়েন। এই অভিযোগে তাকে গোল্ড কাপের টুর্নামেন্টে নিষিদ্ধও করে দেশটির ফুটবল ফেডারেশন। ৩. ব্রাজিল বিশ্বকাপ ওচোয়ার ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ! অবাক হচ্ছেন? এর অাগের বিশ্বকাপ দলে স্থান পেলেও মেক্সিকোর জার্সি গায়ে মাঠে নামার সুযোগ মেলেনি। তবে ব্রাজিল বিশ্বকাপে এসেই দলের '১' নম্বর জার্সি গায়ে মাতিয়ে দিলেন। ৪. ব্রাজিল ম্যাচের পর পরই টুইটারে ফলোয়ারের সংখ্যা বেড়েই চলছে ওচোয়ার। এটা নিশ্চিত হওয়া যায়নি ম্যাচের অাগে সংখ্যাটা কত ছিল। তবে সর্বশেষ তার ফলোয়ারের সংখ্যা প্রায় ১০ লাখ। ৫. গত ম্যাচের দুর্দান্ত ছয়টি সেভের পর গুঞ্জন শুরু হয় ওচোয়াকে ঘিরে। বলা হচ্ছিল তার ডান হাতের অাঙুল সংখ্যা ৬! কিন্তু বিষয়টি অাসলেই গুজব। তার ওই হাতের আঙুলের সংখ্যা স্বাভাবিক মানুষদের মতোই ৫টি। তার মানে খ্যাতির মধুমাখা বিড়ম্বনা ভালই শুরু হয়েছে ওচোয়ার সঙ্গে। হোক, মন্দ কী! অমন মনোমুগ্ধকর নেশা ধরানো গোলকিপিং অনেকদিন দেখেনি ফুটবল বিশ্ব। ওচোয়া তা দেখিয়েছেন! সুতরাং এসব ঘটনা তো তাকে ঘিরেই ঘটবে!