ব্রাজিলের জয়রথ থামালো মেক্সিকো

ব্রাজিলীয়দের তুমুল অাক্রমণ সত্ত্বেও গোলরক্ষক ওচোয়ার কৃতিত্বে ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছে মেক্সিকো। ৫টি দুর্দান্ত অাক্রমণ প্রতিহত করে এই ম্যাচের মূলনায়ক মেক্সিকোর গোলরক্ষক ওচোয়া। এদিন পুরো খেলা জুড়েই রক্ষণভাগ সামলাতেই বেশিরভাগ সময় ব্যস্ত ছিল মেক্সিকানরা। অবশ্য খেলার শেষ দিকে মেক্সিকান খেলোয়াড়রা খানিকটা অাক্রমণ শানালেও সেগুলো গোলপোস্টের ঠিকানা খুঁজে পায়নি। এদিকে গ্রুপ 'এ' তে এই ড্রয়ের পরেও নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল। তার ঠিক পরেই একটি জয় ও একটি ড্র নিয়ে দ্বিতীয় অবস্থানে অাছে মেক্সিকো। গ্রুপের অন্য দুই দল হলো ক্যামেরুন ও ক্রোয়েশিয়া। উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের পর এই ম্যাচও জয়ের ব্যাপারে অাশাবাদী ছিলেন নেইমার, অস্কার, ফ্রেডরা। কিন্তু মেক্সিকান গোলরক্ষক ওচোয়ার দৃঢ়তায় তাদের হতাশ হতে হয়। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় ব্রাজিলের ফোর্তালেজায় অবস্থিত ইস্তাদিও কাস্তেলাও স্টেডিয়ামে ম্যাচটি হয়।