বিশ্বকাপে গ্রুপ এইচ এর প্রথম খেলায় অালজেরিয়াকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে বেলজিয়াম। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকেও এদিন অালজেরিয়ার বিরুদ্ধে দারুণ এক জয় তুলে নেন ফেলাইনি, মেরটেনসরা। খেলার প্রথমার্ধের ২৫ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন আলজেরিয়ান প্লেমেকার ফেঘৌলি। ডি-বক্সের ভেতরে ফেঘৌলিকে ফাউল করলে পেনাল্টি পায় অালজেরিয়া। অার তাতেই দলকে ১-০ গোলের লিড এনে দেন ফেঘৌলি। এরপর বেলজিয়াম গোল শোধ করার জন্য মরিয়া হয়ে উঠলেও প্রথমার্ধে অার পেরে ওঠেনি তারা। তবে দ্বিতীয়ার্ধে ঠিকই বেলজিয়ামকে অাবার খেলায় ফেরান বদলি খেলোয়াড় মারুয়িন ফেলেইনি। দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে কেভিন ডি ব্রুইনের ক্রস থেকে হেড করে অসাধারণ এক গোল করেন ফেলেইনি। এ অবস্থায় উভয় দলের সমর্থকরা যখন ম্যাচটি ড্র হবে বলে ধরেই নিয়েছিলেন ঠিক তখন ৮০ মিনিটের মাথায় গোল করে মেরটেনস বেলজিয়াম ভক্তদের অানন্দে ভাসান। আর এতেই নিশ্চিত হয়ে যায় বেলজিয়ামের জয়। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় বেলো হরিজন্তে মাঠে খেলাটি শুরু হয়।