তিন হেয়ার কাটে এক গোল

এমনিতেই তিনি ফ্যাশনেবল,স্টাইলিস্ট। খেলার জন্য তো বটেই, সবার নজরে থাকার জন্য খেলার বাইরের নানা ঘটনা কিংবা ফ্যাশনের কারণেও সবসময় থাকেন আলোচনায়। স্টাইল আইকন হিসেবেও তরুণদের মধ্যে দারুণ জনপ্রিয়। বিশ্বকাপের মঞ্চে তার প্রমাণ রাখতেও কসুর করেননি পর্তুগালের প্রাণ ভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপে খেলতে এসে অন্য খেলোয়াড়েরা যেখানে দাঁড়ি গোঁফ ঠিকমতো কাটবার সময় পান না, সেখানে চলতি বছরে বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কার বিজয়ী এই তারকা তিন ম্যাচে তিনবার পাল্টেছেন চুলের ছাঁট। জার্সির রঙ বদলের মতো যেটা চোখে পড়েছে ফুটবল প্রেমীদের। কিন্তু রিয়াল মাদ্রিদ তারকার যেটা আসল কাজ, সেই গোল করাটাই ঠিকঠাক হচ্ছিল না। অবশেষে ঘানার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ খেলায় ৮০ মিনিটের মাথায় ভাগ্যদেবী মুখ তুলে তাকালেন রোনালদোর দিকে। তিন নম্বর হেয়ার কাটটা সৌভাগ্য বয়ে আনলো তার জন্য। সোনার হরিণ গোলের দেখা পেলেন চলতি বছরের বিশ্বের সেরা খেলোয়াড় রোনালদো। তবে বড্ডো দেরি হয়ে গেছে ততক্ষণে। টুর্নামেন্টে এটিই তার প্রথম এবং একমাত্র গোল। আর করার সুযোগও নেই। পর্তুগাল এই গোলের সৌজন্যে ২-১-এ ঘানাকে পরাজিত করলেও প্রথম ম্যাচে জার্মানির কাছে হজম করা সেই চার গোলের জবাব কি আর এতে হয়? যুক্তরাষ্ট্রের সমান চার পয়েন্ট নিয়েও গোল গড়ে পিছিয়ে জি গ্রুপে পর্তুগালের অবস্থান তাই তিন নম্বরে। তিন হেয়ার কাট আর এক গোলকে সম্বল করে রোনালদো তাই দেশে ফেরার প্লেনের টিকেট হাতে বিশ্বকাপকে জানালেন গুডবাই। এপি অবলম্বনে।