চ্যাম্পিয়নস লিগ রাতে আলো ছড়ালো বায়ার্ন মিউনিখ। গোল উৎসব করে তারা হারিয়েছে গতবারের রানার্স আপ টটেনহাম হটস্পারকে। অন্যগ্রুপে যথারীতি জয়ের দেখা পেয়েছে জুভেন্টাস, ম্যানচেস্টার সিটি ও পিএসজি।
গ্রুপ পর্বে নিজেদের অবস্থান কোণঠাসা করে ফেলেছে গতবারের রানার্স আপ টটেনহাম হটস্পার। আগের ম্যাচে ড্র করে বায়ার্ন মিউনিখের কাছে ৭-২ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত হয়েছে স্পাররা।
গ্রুপ পর্বের ড্র দেখেই বোঝা গিয়েছিল বিপদের মুখোমুখি হতে পারে টটেনহাম। আগের ম্যাচে ড্র করে বায়ার্নের মুখোমুখি হয়ে পরিস্থিতি এখন আরও কোণঠাসা হয়েছে স্পারদের। ম্যাচের শুরুতে অবশ্য ১২ মিনিটে সন হেউং মিনের গোলে এগিয়ে গেলেও পরে শুধু আধিপত্য ছিল বায়ার্নের। ১৫ মিনিটে কিমিচ সমতা ফেরালে রবার্ত লেভানদোস্কি ৪৫ মিনিটে করেন দ্বিতীয় গোল। পরের অর্ধে হ্যাটট্রিক করে টটেনহামের রক্ষণ চূর্ণ করেছেন জিনাব্রি। এই অর্ধের ৬১ মিনিটে পেনাল্টি থেকে হ্যারি কেইন একটি গোল শোধ দিলেও ৫৩, ৫৫, ৮৩ ও ৮৮ মিনিটে বায়ার্ন উইঙ্গার জিনাব্রি চারটি গোল করে প্রতিপক্ষকে আর সুযোগ দেননি ম্যাচে ফেরার। ৮৭ মিনিটে লেভানদোস্কি দেখা পান জোড়া গোলের। এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন, সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তিনে টটেনহাম।
‘এ’ গ্রুপে গ্যালাতাসারাইকে ১-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি। একমাত্র গোলটি করেছেন মাউরো ইকার্দি। ম্যানচেস্টার সিটিও দাপুটে জয় নিয়ে রয়েছে শীর্ষে। ডায়নামো জাগরেবকে ২-০ গোলে হারিয়েছে ইংলিশ জায়ান্টরা।