শেষ প্রস্তুতি ম্যাচেও ভুটানকে হারালো বাংলাদেশ

বাংলাদেশের উল্লাসের একটি মুহূর্ত।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও জয়ের দেখা পেলো বাংলাদেশ ফুটবল দল। শেষ ম্যাচটায় ভুটানকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে ভারত ও কাতারের বিপক্ষে নামার আগে দারুণ উজ্জীবনী শক্তি পেল লাল-সবুজ জার্সিধারীরা। বৃহস্পতিবার স্বাগতিকদের এই জয়ে বড় ভূমিকা ছিল ডিফেন্ডার ইয়াসিন খানের। তারই জোড়া গোলে স্বাগতিকরা জয় নিয়ে মাঠ ছেড়েছে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তন আনে তিনটি। বাছাই বলে ঘুরিয়ে ফিরিয়ে শক্তি পরীক্ষা করার লক্ষ্য ছিল। গোলকিপার আশরাফুল ইসলাম রানার জায়গায় শহীদুল আলম সোহেল, রক্ষণে বিশ্বনাথ ঘোষের জায়গায় সুশান্ত ত্রিপুরা ও উইঙ্গার ইব্রাহিমের জায়গায় রবিউল হাসান খেলেছেন। তাতেও সফল বাংলাদেশ। 

৪-২-৩-১ ফর্মেশনে অবশ্য শুরু থেকে স্বাগতিকরা তেমন একটা সুবিধা করতে পারেনি। উল্টো ৬ মিনিটের মাথায় ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা ইনজুরি নিয়ে মাঠ ছাড়লে ছন্দ পতন ঘটেছিল। আর শুকনো মাঠ পেয়ে ভুটানিরা কিছুটা পাসিং ফুটবল খেলে বল পজেশনে এগিয়ে থাকার চেষ্টা করেছে। এমনকি গোলের সুযোগও সৃষ্টি করেছে। ১০ মিনিটে ফরোয়ার্ড কবি রাজ রাইয়ের একটি প্রচেষ্টা গোলকিপার সোহেল পাঞ্চ করে ফিরিয়ে দিয়েছেন। তবে বাংলাদেশ প্রথম গোলের দেখা পায় বেশ কিছুক্ষণ পর। ২২ মিনিটে বা দিক থেকে বদলি ডিফেন্ডার রায়হানের লম্বা থ্রো-ইন থেকে ডিফেন্ডার ইয়াসিন খান হেড করে লক্ষ্যভেদ করেন।

৩০ মিনিটে ব্যবধান আরও বাড়তে পারতো। রবিউলের ক্রস থেকে করা জীবনের হেড সাইড বারের পাশ দিয়ে গেলে লক্ষ্য ভ্রষ্ট হয় তা। অবশ্য পরের মিনিটে ভুটানও আতঙ্ক ছড়িয়েছে। টিশেরিং শট নিলেও তা গ্রিপে নেন গোলকিপার সোহেল।

অগ্রগামিতা নিয়ে বিরতির পর সাতটি পরিবর্তন আনে বাংলাদেশ। একচেটিয়া প্রাধান্য বিস্তার করে এই অর্ধে আরও একটি গোল আদায় করে নেয় তারা। তবে দ্বিতীয় গোল পেতে সময় লেগেছে ৬৬ মিনিট পর্যন্ত। ৬৬ মিনিটে বদলি ইব্রাহিমের ডান প্রান্তের ক্রস থেকে লক্ষ্য ভেদ করেন ডিফেন্ডার ইয়াসিন।

শেষের দিকে স্বাগতিকদের মুহুর্মুহু আক্রমণের মুখে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে ভুটান। ইব্রাহিম শট নিলেও তা ফিরিয়ে দেন গোলকিপার। শেষ দিকে ব্যবধান বাড়াতে সুফিল-আরিফুররাও কম চেষ্টা করেননি। তবে হেরফের হয়নি ব্যবধানের।