‘বাংলাদেশের বিপক্ষে ৯০ মিনিট আক্রমণাত্মক খেলবে ভারত’

ভারতের কোচ ইগর স্তিমাচ১৫ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। পরের পর্বে যেতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই ভারতের। তাই বাংলাদেশের রক্ষণকে চূর্ণ করার লক্ষ্য ভারতের কোচ ইগর  স্তিমাচের। পুরো ৯০ মিনিট শিষ্যদের আক্রমণাত্মক মনোভাবে দেখতে চান তিনি।

বাছাইয়ের এই ম্যাচের আগে অবশ্য ১০ অক্টোবর কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। তারপর কলকাতায় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ তারিখ। এই কাতারের বিপক্ষে শেষ ম্যাচটি ড্রয়ে শেষ করেছিল স্তিমাচের শিষ্যরা। রক্ষণাত্মক ভঙ্গিতে খেলায় সমালোচনাও হয়েছে খুব। তাই সব কিছু বাদ দিয়ে নতুন করে শুরুর লক্ষ্য নিয়েছেন ভারতের কোচ। তবে বাংলাদেশের বিপক্ষে জিততে উন্মুখ থাকলেও দলটির কোচ যথেষ্ট সম্মান দিচ্ছেন প্রতিপক্ষ দলটিকে, ‘দল হিসেবে বাংলাদেশকে সম্মান জানাই। আমরা জানি কী ধরনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারি। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

শেষ ম্যাচে গোল না পাওয়ায় বাংলাদেশের বিপক্ষে ৯০ মিনিটই আক্রমণাত্মক থাকতে চায় তারা। যাতে করে বাংলাদেশের রক্ষণের দুই ডিফেন্সিভ ব্লকটা ভাঙা যায়। ভারতের কোচ জানালেন, ‘আমাদের ৯০ মিনিটই আক্রমণ করতে হবে যাতে বাংলাদেশের দুই ডিফেন্সিভ ব্লক ভাঙতে পারি। রুখে দাঁড়াতে বাংলাদেশ কিন্তু ভালো দল, মিডফিল্ডেও।’

কাতারের সঙ্গে গোলশূন্য ড্র করলেও প্রথম ম্যাচে ওমানের সঙ্গে ২-১ গোলে হেরেছে ভারত। পরের রাউন্ডে যেতে হলে ভারতকে বাংলাদেশের বিপক্ষে জিততেই হবে।