গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে বড় লক্ষ্য গড়ে পাকিস্তান। ওপেনার জাভেরিয়া খানের ৪৪ বলে ৫২ ও অধিনায়ক বিসমাহ মারুফের ঝড়ো ইনিংসে ভর করে ৩ উইকেটে ১৬৭ রান পায় স্বাগতিকরা। বিসমাহ সবচেয়ে বেশি আগ্রাসী ছিলেন বাংলাদেশের ওপর। ৫০ বলে ৭০ রানে অপরাজিত ছিলেন। তার ইনিংসে ৯টি চারের সঙ্গে ছিল একটি ছয়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন জাহানারা আলম। একটি নেন লতা মণ্ডল।
বড় লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ তুললেও জয়ের দেখা পায়নি। নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় ম্যাচ থেকে ছিটকে যায় তারা। তবে লড়াকু মানসিকতায় ৭ উইকেটে ১৫২ রান করতে পারে সালমা খাতুনের দল। বাংলাদেশের আগের দলীয় সর্বোচ্চ ইনিংসটি ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে, ৪ উইকেটে ১৫১ রান।
হেরে যাওয়া ম্যাচে ব্যাটসম্যানদের ব্যর্থতার মিছিলে আলো ছড়ান সানজিদা ইসলাম। ৩২ বলে সর্বোচ্চ ৪৫ রান করেছেন। ফারজানা হকও ছিলেন খুব কার্যকরী। ১৯ বলে ৩০ রানের ইনিংস উপহার দিয়েছেন। জাহানারা আলম শেষ দিকে বিধ্বংসী হওয়ার চেষ্টা করেছিলেন। ৫ বলে ১ চার ও ২ ছক্কায় ১৮ রানে অপরাজিত ছিলেন। অপরপ্রান্তে ১৭ রানে অপরাজিত ছিলেন লতা মণ্ডল। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সাদিয়া ইকবাল। ম্যাচসেরা বিসমাহ মারুফ।