রাজকোটে বৃষ্টির শঙ্কার সঙ্গে রান বন্যার সম্ভাবনা!

সুরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড। বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। ঘূর্ণিঝড় ‘মহা’র প্রভাবে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে গুজরাটের রাজকোটে। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠেয় ম্যাচটিতে বৃষ্টির প্রভাব তো থাকছেই। ব্যাটসম্যানদের জন্যেও রয়েছে সুখবর, ম্যাচটিতে হতে পারে রান বন্যা!

সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠের পিচ বরাবরই ব্যাটিং বান্ধব। বাংলাদেশ-ভারত ম্যাচেও এর ব্যতিক্রম হবে না। গ্রাউন্ড স্টাফরা বলছেন, খেলা হলে প্রচুর রান হবে এই পিচে। তবে বেশি বৃষ্টি হলে পরিস্থিতি পাল্টে যেতে পারে পুরোপুরি। বর্তমানে পিচটি কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে বৃষ্টির আশঙ্কায়।

তবে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা আশাবাদী ম্যাচ আয়োজন নিয়ে, ‘বৃহস্পতিবার সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনের শেষভাগে তেমন সম্ভাবনা নেই। আমরা আশাবাদী ম্যাচটি আয়োজন নিয়ে।’

রাজকোটের এই মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই কার্যকরী। তাই বৃষ্টি নামলেও মাঠ শুকিয়ে কার্টেল ওভারে খেলা সম্ভব বলে জানালেন এই কর্মকর্তা, ‘আমাদের পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই ভালো, এমনকি গ্রাউন্ড স্টাফরাও খুব দক্ষ। যারা জরুরি অবস্থা সামাল দিতে সক্ষম। আমরা প্রার্থনা করছি বৃষ্টিটা যেন খুব বেশি মাত্রায় না হয়।’

যদি বৃষ্টি খুব বেশি হয় তাহলে রান প্রসবা এই পিচ হয়ে দাঁড়াতে পারে শ্লথ গতির, ‘বৃষ্টি খুব বেশি হলে বাউন্ডারি মারা খুব কষ্টকর হয়ে দাঁড়াবে। আউট ফিল্ডের কারণেই বল মাঠে গড়াবে শ্লথ গতিতে।’