অন্যরকম ‘হাফসেঞ্চুরির’ অপেক্ষায় মাহমুদউল্লাহ

অন্য রকম মাইলফলকের সামনে মাহমুদউল্লাহ। নাগপুরের বিদর্ভ স্টেডিয়ামে অন্যরকম হাফসেঞ্চুরির সামনে দাঁড়িয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। রবিবার নাগপুরে দুটি ছক্কা হাঁকালেই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০টি ছক্কার মাইলফলক স্পর্শ করবেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

দিল্লিতে মাহমুদউল্লাহর ছক্কাতে ভারতের বিপক্ষে কুড়ি ওভারের ক্রিকেটে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৩০ রানের ইনিংস খেললেও কোন ছক্কার মার ছিল না। রবিবার দলকে ভালো সংগ্রহ এনে দিতে মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংসের বিকল্প নেই। নাগপুরের গ্যালারিতে ছক্কা বৃষ্টিতেই কেবল টাইগারদের সংগ্রহ সমৃদ্ধ হতে পারে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর ছক্কা ৪৮টি। এরপরে আছেন যথাক্রমে তামিম ইকবাল (৪১), সাকিব আল হাসান (৩৩) ও মুশফিকুর রহিম (৩১)।

এছাড়াও নাগপুরে আরও কিছু মাইলফলক অপেক্ষা করছে। নাগপুরের বিদর্ভ স্টেডিয়াম ভারতীয় অধিনায়ক রোহিতের হোম ভেন্যু। ম্যাচটি আবার বিরল একটি রেকর্ডের হাতছানি দিচ্ছে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ককে। রবিবার হোম ভেন্যুতে দুটি ছক্কা মারলেই ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে ৪০০ ছক্কার বিরল রেকর্ড গড়বেন। সব মিলিয়ে সবচেয়ে বেশি ৫৩৪ ছক্কা হাঁকানোর মালিক ক্রিস গেইল। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা তামিম ইকবালের- ১৫৮টি। আর মাহমুদউল্লাহর ছক্কা ১০৯টি।

এছাড়া ভারতের স্পিনার যুজবেন্দ্র চাহালের সামনেও আছে রেকর্ডের হাতছানি। আর ৪ উইকেট পেলে রবিচন্দ্রন অশ্বিনকে (৫২) টপকে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক হবেন চাহাল (৪৯)। সবমিলিয়ে এমন একটি রেকর্ডের ম্যাচ বাড়তি আবেদন পাবে কোনো সন্দেহ নেই।