গত সোমবার সিলেট সুপারস্টারসের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে ২৮ রানে ৪ উইকেট পেয়েছিলেন বাঁহাতি এই পেসার। আগের আরও তিন ম্যাচে পেয়েছেন দুটি করে উইকেট। কেবল একটি ম্যাচে ছিলেন উইকেটশূন্য। সব মিলিয়ে ৫ ম্যাচে ১০ উইকেট। যদিও সাকিবের চেয়ে ২ উইকেট পেছনে রয়েছেন তিনি।
পেসারদের স্বাভাবসুলভ আক্রমণাত্মক মনোভাব থাকে। তা রয়েছে রনিরও। সেই সঙ্গে উইকেটপ্রাপ্তির উদযাপনে রয়েছে ভিন্নতা। পাখির মতো উড়াল দিয়ে প্রায় অর্ধেক মাঠ প্রদক্ষিণ করেন রনি। সঙ্গে এক্সম্যানের আক্রমনে যাওয়ার আগে যে ক্ষিপ্ত মনোভাব থাকে, সেটাও উইকেট পাওয়ার পর ফুটিয়ে তোলেন। দুই হাতের কব্জিতে ঘষা দিয়ে উদযাপনের এই ভিন্নতা নজর কেড়েছে ক্রিকেট অনুরাগীদের।
এই উদীয়মান পেসারের নানা অভিজ্ঞতা নিয়ে বাংলা ট্রিবিউন পাঠকদের জন্য সাক্ষাৎকারটি তুলে ধরা হলো:-
প্রশ্ন : বিপিএলে মাশরাফির সঙ্গে খেলবেন বিষয়টি ভেবে কতটুকু শিহরিত ছিলেন?
রনি : মাশরাফি ভাই আমাদের দেশের সেরা ক্রিকেটারদের একজন। তার সঙ্গে খেলতে পারার অনুভূতি সব ক্রিকেটারের জন্য অন্যরকম হবে। যখন জানলাম, উনি আমাদের দলে, তখন থেকেই আমি শিহরিত। ভেবেছি যদি ম্যাচ খেলতে পারি; তবে আমার জন্য অনেক ভালো হবে।
প্রশ্ন : বিপিএলে বেশকিছু ম্যাচ খেলেছেন। মাশরাফি কোন জায়গাগুলোতে আপনাকে সাহায্য করছেন?
রনি : মাশরাফি ভাই মানসিকভাবে প্রত্যেক খেলোয়াড়কে উজ্জীবিত করতে পারেন। একজন আদর্শ অধিনায়কের যে-যে গুণ আছে, এর সবকিছুই মাশরাফি ভাইয়ের মধ্যে আছে। তিনি আমাকে ছোট ভাইয়ের মতো ভুলগুলো শুধরে দিচ্ছেন। কাছে ডেকে সমস্যাগুলো সমাধান করে দিচ্ছেন। বোলিংয়ের সময় একটা বাজে বল হলে যে মানসিক সাপোর্ট দরকার হয়, তা মাশরাফি ভাই দিচ্ছেন। আমি মনে করি, মাশরাফি ভাই অন্যসব অধিনায়কের চেয়ে একটু আলাদা। চিটাগংয়ের সঙ্গে একটা ওভারে আমি খারাপ করছিলাম। তখন মাশরাফি বলছিলেন, দেখ, এগুলো হয়। এটা খুব স্বাভাবিক। মন খারাপ করার কিছু নেই। তিনি সব সময় দুটি বাক্য বলেন ..। খারাপ হলে বলেন, সমস্যা নেই। আর ভালো হলে বলেন, ক্যারি অন।
প্রশ্ন: শেষ ম্যাচের শেষ ওভারে যখন বল তুলে দিয়েছিলেন, তখন মাশরাফি আপনাকে কী বলেছিলেন?
রনি : ‘তুই যেটা ভালো পারিস সেটা কর’-আমাকে বল দেওয়ার সময় এটাই বলেছিলেন।
প্রশ্ন : সিলেটের বিপক্ষে পরপর ২ বলে যখন ২টি উইকেটের পতন ঘটে। ঠিক তখন কী ভাবছিলেন?
রনি : মনে মনে চাচ্ছিলাম, শেষ ওভারটা যেন আমিই পাই। পরে দেখলাম মাশরাফি ভাই আমাকেই ডাকলেন। দ্বিতীয় ও তৃতীয় বলে পর পর পর দুই উইকেট পরে যাওয়ার পর আমি নিশ্চিত ছিলাম আমরা জিতে যাব। কিন্তু দূর্ভাগ্যবশত ছয় খেয়ে গেলাম।
প্রশ্ন : ওই ওভার বাউন্ডারির পর মাশরাফি আপনাকে কিছু বলেছিলেন?
রনি : তখন আমি একটু বেশিই হতাশ হয়ে পড়েছিলাম। মাশরাফি ভাই বলেছে সমস্যা নেই, তুই এত হতাশ কেন? খুবই ভালো বোলিং হয়েছে। এমন হতেই পারে। এটা নিয়ে মন খারাপের কিছু নেই।
প্রশ্ন : এখন পর্যন্ত উইকেট শিকারের দিক দিয়ে দ্বিতীয় স্থানে আছেন? বিপিএল শেষ হওয়ার পর নিজেকে কোথায় দেখতে চান?
রনি: একটি একটি ম্যাচ করে এগুতে চাই। ছোট পরিকল্পনা করলে সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি এইদিকেই ফোকাস করছি। শেষ পর্যন্ত যদি এক নম্বরে থাকি, সেটা অবশ্যই আমার জন্য ইতিবাচকই হবে। কিন্তু আমার এই ধরনের কোনও পরিকল্পনা নেই। আমি আপাতত ঢাকা ডায়নামাইটসের ম্যাচের দিকেই তাকিয়ে আছি।