গাঙ্গুলীকে দীর্ঘ মেয়াদে রাখতে আগ্রহী বিসিসিআই

বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের পর কোহলিকে ট্রফি তুলে দিচ্ছেন সৌরভ গাঙ্গুলী ও নাজমুল হাসান।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকে নতুন উদ্যোমে কাজ চলছে দেশটির ক্রিকেট বোর্ডে। এর পেছনে মুখ্য ভূমিকা পালন করছেন বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলী। গঠনতন্ত্রের নতুন নিয়মে মাত্র ১০ মাসের জন্য দায়িত্ব নিলেও তাকে নিয়ে দীর্ঘ মেয়াদে পরিকল্পনার পথে হাঁটতে চায় বিসিসিআই। এ জন্য গঠনতন্ত্র পাল্টাতে পদক্ষেপ নিতে যাচ্ছে কমিটির সদস্যরা।

গঠনতন্ত্রের বর্তমান নিয়ম অনুযায়ী, কোনও প্রশাসক বোর্ড বা রাজ্য সংস্থায় তিন বছর করে দুবার (৬ বছর) কোনও পদে থাকেন তাহলে তাকে তিন বছরের জন্য কুলিং অফ পিরিয়ডে যেতে হবে। এই সময়ে কোনো পদে থাকতে পারবেন তিনি। বোর্ড এই নিয়ম পাল্টাতে ভীষণ আগ্রহী।

এ ব্যাপারে নিজেদের পরিকল্পনার কথা জানান বিসিসিআই কোষাধ্যক্ষ অরুন ধুমাল, ‘৭০ বছরের বেশি বয়স হয়ে গেলে আর পদে থাকা যাবে না। এই নিয়ম আমরা পাল্টাতে যাবো না। তবে কুলিং অফ পিরিয়ডের নিয়ম পাল্টাতে চাই। এ নিয়ে আমাদের ইচ্ছা হলো কেউ যদি রাজ্য সংস্থায় প্রশাসক হিসেবে থাকার অভিজ্ঞতা অর্জন করেন তাহলে তার অভিজ্ঞতাটা বরং কাজে লাগানো উচিত। আর কেউ যদি রাজ্য সংস্থাতেই প্রশাসক হিসেবে ৬ বছর পূরণ করে ৬৭ বছরে পৌঁছান। তাহলে তো কুলিং অফ পিরিয়ডেই সে ৭০ বছর হয়ে যাবে। তখন আর বোর্ডে থাকতে পারবেন।’

অর্থাৎ বোর্ড ও রাজ্য সংস্থায় আলাদা আলাদা করে দু’বার তিন বছরের জন্য এ নিয়ম কার্যকরের পক্ষে বিসিসিআইয়ের বর্তমান কমিটি। আসন্ন বার্ষিক সভাতেই এমনটি করতে চান তারা।