গেল নভেম্বর মাসটা স্বপ্নের ঘোরে কেটেছে বার্সেলোনার। প্রতিপক্ষকে পাত্তা না দিয়ে মাঠে নিজেদের সুন্দর ফুটবলের প্রদর্শনেই ব্যতিব্যস্ত ছিলো বার্সা। একে একে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ ও এসএ রোমাকে। এমনকি চলতি ডিসেম্বর মাসের শুরুটাও চমৎকার ছিলো বার্সার। কোপা ডেল’রেতে ভিয়ানোভেনসকে ৬-১ বিধ্বস্ত করেছে কাতালন ক্লাবটি। দিনে দিনে যেন ভয়ংকর হয়ে উঠেছিল বার্সেলোনার এমএসএনত্রয়ী।
তবে গত সপ্তাহে লা লিগার খেলায় স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়া ও চ্যাম্পিয়ন্স লিগের খেলায় জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের সঙ্গে হোচট খায় বার্সা। এই দুই দলের বিপক্ষে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে।
এই সপ্তাহে আবারো জয়ের ধারায় ফিরতে মাঠে নামছে বার্সা। শনিবার লা লীগার ১৫তম ম্যাচে বার্সা মুখোমুখি হচ্ছে দেপোর্তিভো লা করুনা। ন্যু ক্যাম্পে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।
স্প্যানিশ ডিফেন্ডার জরডি আলবা, ‘ড্র হওয়া দুই ম্যাচে আমরা মোটেও খারাপ খেলিনি। ভালো ফুটবলই খেলেছি। ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্র করাটা আমাদের উচিত হয়নি। তাতে পয়েন্ট টেবিলের শক্ত অবস্থানটা কিছুটা নড়বড়ে হয়েছে আমাদের। তবে লেভারকুসেনের সঙ্গে ড্রতে আমাদের কোনও সমস্যা হয়নি। আর ওই ম্যাচে আমরা কিছুটা পরীক্ষা-নিরীক্ষা করতেই চেয়েছি। তাতে আমরা কিছুটা সফলও হয়েছি। আমাদের আত্মবিশ্বাস ভালো অবস্থায় ছিলো, এখনো একই অবস্থাতেই আছে।’
দেপোর্তিভো লা করুনার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ার হুশিয়ারও দিয়ে রাখলেন আলবা, ‘আগের দু’ম্যাচের ড্র নিয়ে কিছুই ভাবছি না আমরা। দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ম্যাচ নিয়েই বেশি ভাবতে হচ্ছে আমাদের। এ ম্যাচ দিয়ে আবারো জয়ের ধারায় ফিরবো আমরা। দলের সবাই ম্যাচ জয়ের জন্য মুখিয়ে আছে। জয় ছাড়া অন্য কিছুই ভাবছি না আমরা।’
কুচঁকির ইনজুরির কারনে লেভারকুজেনের বিপক্ষে খেলতে পারেননি ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার। লা করুনার বিপক্ষে ম্যাচেও অনিশ্চিত তিনি। নেইমারের পাশাপাশি ইনজুরিতে পড়েছেন মেসিও। তবে ম্যাচে মেসির খেলার সম্ভাবনা অনেক বেশি।
১৪ খেলায় ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। তাদের প্রতিপক্ষ দেপোর্তিভো লা করুনা ২২ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের ষষ্ঠস্থানে। ১৪ খেলায় ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। আর ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে রিয়াল মাদ্রিদ।
শনিবার লা লিগার খেলায় আরও মুখোমুখি হবে সেল্টা ভিগো-এস্পানিয়ল, লেভান্তে-গ্রানাডা, সেভিয়া এফসি-স্পোটিং গিজন ও লাস পালমাস-রিয়াল বেটিস। আগামী রোববার মাঠে নামবে দুই মাদ্রিদ, রিয়াল ও অ্যাথলেটিকো। ১৫তম রাউন্ডের ম্যাচে অ্যাথলেটিকো মুখোমুখি হবে অ্যাথলেটিকো বিলবাও’র। আর রিয়ালের প্রতিপক্ষ ভিয়ারিয়াল।
/এমআর/