ডানেডিন টেস্টে তৃতীয় দিনেই শ্রীলংকার বিপক্ষে ৩০৮ রানের লিড নিয়ে ফেলেছে কিউইরা। দ্বিতীয় ইনিংসে মাত্র একটি উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৭১ রান। চতুর্থ দিন ব্যাট করতে নামবেন কেন দুই অপরাজিত ব্যাটসম্যান উইলিয়ামসন (৪৮), টম ল্যাথাম (৭২)।
প্রথম ইনিংসে কিউইদের সংগ্রহ ছিল ৪৩১। জবাবে মাত্র ২৯৪ রানে অল আউট হয় শ্রীলংকা। দিমুথ করুণারত্নে ও দিনেশ চান্দিমালের দৃঢ়তায় শুক্রবার চার উইকেটে ১৯৭ রান নিয়ে দিনশেষ করেছিল লঙ্কানরা। করুনারত্নে ওইদিনই ৮৪ রান করে আউট হয়ে গিয়েছিলেন। তবে দিনশেষে ৮৩ রানে অপরাজিত থাকা চান্দিমাল শনিবার আর কোনও রান করতে পারেননি। সেই ৮৩ রানেই সাউদির বলে গাপটিলের হাতে ধরা পড়েন তিনি। ২০৯ বলে নয়টি চারের মারে এই রান করেন তিনি।
পরবর্তী ব্যাটসম্যানরা আউট হযেছেন নিয়মিত বিরতিতে। অন্য ব্যাটসম্যানদের মধ্যে মিলিন্দা সিরিওয়ার্দানা সর্বোচ্চ ৩৫ রান করেন। এছাড়া ভিথানাগে ২২ ও সুরাঙ্গা লাকমলা ১৮ রান করে অপরাজিত থাকেন। কিউই বোলারদের মধ্যে ওয়াগনার ও সাউদি নিয়েছেন তিনটি করে উইকেট। আর দুটি করে উইকেট নিয়েছেন সাটনার ও বোল্ট।
এরপর দ্বিতীয় ইনিংসে কিউইদের ১৭১ রানের সুবাদে এখন পর্যন্ত লিড দাঁড়িয়েছে ৩০৮। লঙ্কানদের সামনে স্বাগতিকরা বিশাল লিড দাঁড় করাতে যাচ্ছে এতে সন্দেহ নেই।
/এমআর/