সাফ ফুটবল: আফগানিস্তানকে নিয়েই আপাতত চিন্তা টাইগারদের

ধীরে ধীরে সাফ চ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও নবনিযুক্ত কোচ মারুফুল হক। ৩০ নভেম্বর বিকেএসপিতে শুরু হয়েছিল সাফ ক্যাম্প। প্রথম সপ্তাহ ছিল ফিটনেসের ওপর। পরের সপ্তাহ স্কিলের ওপর। এই সপ্তাহে অনেকটা মূল প্রস্তুতিতে নেমে পড়েছে দল।

প্রতিপক্ষ নিয়ে বিশ্লেষণ ও গেম প্ল্যান চলতি সপ্তাহের অনুশীলনের মূল প্রতিপাদ্য। শুরুতেই বাংলাদেশের কঠিন ম্যাচ। প্রতিপক্ষ শিরোপাধারী আফগানিস্তান। এই ম্যাচ নিয়ে তাই বেশি চিন্তাভাবনা। কারণ এই কঠিন চ্যালেঞ্জ পার হতে পারলে অনেকটাই সহজ হয়ে যাবে সামনের পথচলা। এই লড়াইয়ে বাংলাদেশকে অনুপ্রেরণা জোগাবে চলতি বছর ৩০ জুনের ম্যাচ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। অনুপ্রেরণার আরেকটি জায়গা রয়েছে, সেটি হলো শেখ কামাল আফগানিস্তান লিগের চ্যাম্পিয়ন দল স্পিঙ্গার ডি বাজানকে হারিয়েছিল চট্টগ্রাম আবাহনী। জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় ওই টিমে।

এই ম্যাচ জেতার ধারণাটাই খেলোয়াড়দের মাথায় প্রবেশ করানোর চেষ্টা করছেন কোচ মারুফুল হক ও অধিনায়ক মামুনুল ইসলাম। মারুফুল হক বলেন, ‘আফগানিস্তানকে নিয়ে বেশি ভাবার কিছু নেই। ভাবার আছে নিজের সেরাটা তাদের বিপক্ষে মাঠে প্রয়োগ করার। তাই আমরা চাই পুরো প্রস্তুতি নিয়ে এই ম্যাচ খেলতে।'

অধিনায়ক মামুনুল ইসলাম এশিয়ান গেমসে আফগানিস্তানের বিপক্ষে চমৎকার এক গোল করেছিলেন। বিষয়টি তাকেও উদ্দীপ্ত করে। মামুনুল বলেন,‘বাংলাদেশ যদি নিজের সেরা খেলা খেলতে পারে তাহলে জয় অসম্ভব নয়। ফুটবলে সব কিছুই করা সম্ভব যদি পরিকল্পনাগুলো মাঠে সঠিকভাবে বাস্তবায়িত হয়। আফগানিস্তান কঠিন প্রতিপক্ষ তবে অজেয় নয়।’

এমিলি ও কোমল খেলতে না পারলেও তা নিয়ে উদ্বিগ্ন নন কোচ মারুফুল হক। তিনি বলেন, ‘দলে তাদের বিকল্প যারা আছে তাদের দিয়েই ঘাটতি পূরণ করতে হবে। আমাদের পেছনে ফিরে তাকানোর উপায় নেই। ইতিবাচক মনোভাবে সামনের দিকে তাকানোই আমাদের লক্ষ্য।’

/আরএম/এমআর/