টি-টেন লিগেও ফিক্সিং?

t10টি-টোয়েন্টির পর ফিক্সিংয়ের কালো থাবা পড়েছে টি-টেন লিগেও। কাতারে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দুর্নীতিগ্রস্ত কয়েকজনকে ধরে এর তদন্ত শুরু করেছে আইসিসি।

মাত্র ১২ মাস আগে এই ইভেন্টের অনুমোদন দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ৭ ডিসেম্বর টুর্নামেন্ট শুরুর আগে দলগুলোতে বড় ধরনের পরিবর্তন আইসিসির চোখে সন্দেহের উদ্রেক করে।

আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল জানিয়েছেন দুর্নীতির চিত্রটা কেমন ছিল এখানে, ‘১২ মাস আগে এই টুর্নামেন্ট অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে টিমের মালিকানা ও আয়োজকদের মধ্যে বড় ধরনের পরিবর্তন বিপদ সংকেত দেয় আমাদের। আমরা উদ্বিগ্ন হওয়াতে বাড়তি তদন্তের ব্যবস্থা নিয়েছি।’

আগেভাগে ব্যবস্থা নেওয়াতে দুর্নীতির ঘটনা ঘটেনি বলে দাবি মার্শালের, ‘এ ঘটনার পর পরই কাতার ও বৈশ্বিকভাবে ছড়িয়ে থাকা দুর্নীতিগ্রস্তদের ধরতে পেরেছি। তাতে পরিকল্পিত দুর্নীতির বিষয়টি আগেই বাধাগ্রস্ত হয়েছে।’       
টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে সোমবার। এই আসরে সুইফট গ্যালোপার্সকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে ফ্যালকন হান্টার্স।