পুরনো চোটে চট্টগ্রাম পর্ব শেষ মাহমুদউল্লাহর

imagesকলকাতা টেস্টে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোট বঙ্গবন্ধু বিপিএলের প্রথম দুটি ম্যাচ খেলতে দেয়নি মাহমুদউল্লাহকে। মূলত ঝুঁকি এড়াতে খেলেননি প্রথম দুটি ম্যাচ। তাত অবশ্য লাভ হয়নি । পুরনো চোটে আবারও মাঠের বাইরে চট্টগ্রামের অধিনায়ক। তাই হোম গ্রাউন্ডে বাকি দুটি ম্যাচ মাহমুদউল্লাহকে ছাড়াই খেলতে হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে।

বুধবার পুরনো চোট নতুন করে ব্যথা পাওয়ায় আপাতত তিন দিনের পূর্ণ বিশ্রাম দেওয়া হয়েছে চট্টগ্রাম অধিনায়ককে। মাহমুদউল্লাহর চোট নিয়ে চট্টগ্রামের ম্যানেজার ফাহিম মুনতাসির জানিয়েছেন, ‘মাহমুদউল্লাহকে আপাতত ৭২ ঘণ্টার জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। ফিজিওর পর্যবেক্ষণে থাকবে সে। তবে মনে হচ্ছে না চোট খুব বড় । কারণ ওর ব্যথা নেই। যদি ব্যথা অনুভব করে, তাহলে স্ক্যান করানো হবে। যেহেতু ৭২ ঘণ্টা বিশ্রামে থাকতে হবে, মানে আগামীকালের (শুক্রবার) ম্যাচে ওকে নিশ্চিত ভাবেই পাচ্ছি না। হয়তো পরের ম্যাচেও।’

বঙ্গবন্ধু বিপিএলে শুক্রবার কুমিল্লার মুখোমুখি হবে চট্টগ্রাম, শনিবার তাদের প্রতিপক্ষ রংপুর রেঞ্জার্স। দারুণ ছন্দে থাকা মাহমুদউল্লাহকে চট্টগ্রামের মাঠে না পাওয়াটা স্থানীয় দর্শকদের জন্য হবে বেশ হতাশার।

প্রসঙ্গত, বুধবার নিজেদের ইনিংসের দ্বাদশ ওভারের শেষ বলে নন-স্ট্রাইক প্রান্তে ছিলেন মাহমুদউল্লাহ।সতীর্থের ডাকে দুই রান নিতে গিয়ে পেশিতে টান লাগে মাহমুদউল্লাহর। তারপরও খুঁড়িয়ে খুঁড়িয়ে চট্টলার মাটিতে ঝড় তুলেছেন চট্টগ্রামের  অধিনায়ক। ৫ চারের সঙ্গে ৪ ছক্কায় ২৮ বলে ৫৯ রান করেন মাহমুদউল্লাহ। ম্যাচ শেষে চোট প্রসঙ্গে মাহমুদউল্লাহর বলেছিলেন, ‘হ্যামস্ট্রিংয়ের আগের যে জায়গাটায় চোট ছিল, ওই জায়গাটাতেই আবার টান লেগেছে। এখন সম্ভবত স্ক্যান করতে হবে। হয়তো কয়েক দিন বিশ্রাম নিতে হবে।’