প্রিমিয়ার লিগে বর্তমানে তিনে আছে সিটি। আবার পিএসজি ঘরোয়া ফুটবলে সাফল্য পেলেও চ্যাম্পিয়নস লিগ জিততে পারেনি এখনও। গার্দিওলা কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন দু’বার। গুঞ্জন আছে, সেই অধরা শিরোপাটাকে ধরতে তার সঙ্গে আরেক স্প্যানিয়ার্ড জাভিকেও কোচিং স্টাফে নিতে আগ্রহী ফরাসি ক্লাবটি।জাভিকে নেওয়া হতে পারে গার্দিওলার সহকারী হিসেবে।
অন্য দিকে গার্দিওলার ভবিষ্যতের ওপর নির্ভর করছে পচেত্তিনোর ভাগ্য। টটেনহামের সাম্প্রতিক সাফল্যে ভূমিকা ছিল তার। তার অধীনেই গত চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠেছিল স্পাররা। মৌসুমের বাজে শুরুর মূল্য দিতে হয়েছে পচেত্তিনোকে । কিন্তু গত ৫ বছরে স্পাররা যে দুর্দান্ত দল হয়ে উঠেছে পচেত্তিনোর কারণেই। ইউরোপের অনেক ক্লাবের দৃষ্টিই এখন তাই পচেত্তিনোর ওপর।
বেকার থাকা আর্জেন্টাইন কোচকে নিতে রিয়াল মাদ্রিদও আগ্রহ দেখিয়েছিল।জিদানের বদলি হিসেবে ১২ মিলিয়ন পাউন্ডের প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে গুঞ্জন আছে । সেই প্রস্তাবে এখনও সাড়া দেননি পচেত্তিনো। কারণ ম্যানচেস্টার সিটির আগ্রহ তার দিকে। সিটিতে তিনি যেতে পারেন, তবে সেটি কেবল গার্দিওলা না থাকলেই।