১০ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতলো পাকিস্তান

পাকিস্তানের উল্লাস। ১০ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ আয়োজন করতে পেরেছে পাকিস্তান। দ্বিতীয় টেস্টে ২৬৩ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে ঐতিহাসিক টেস্ট সিরিজটা ১-০ তে জিতেছে স্বাগতিকরা।

প্রথম টেস্টটি বৃষ্টির হানায় হয়েছিল ড্র। করাচিতে দ্বিতীয় এই টেস্টে স্বাগতিকদের শুরুটা খুব একটা আহামরি ছিল না। ১৯১ রানে অলআউট করে ৮০ রানের লিডে লঙ্কানরা পাকিস্তানকে অস্বস্তিতে ফেলেছিল।

দ্বিতীয় ইনিংসে সেই পাকিস্তানই প্রত্যাবর্তন করেছে দারুণভাবে। প্রথম চার ব্যাটসম্যানের সেঞ্চুরিতে ৩ উইকেটে ৫৫৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। টেস্ট ক্রিকেটে কোনও দলের প্রথম ৪ ব্যাটসম্যানের সেঞ্চুরির এটা ছিল দ্বিতীয় দৃষ্টান্ত।

এমন অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেই তারা ৪৭৬ রানের অসম্ভব লক্ষ্য ছুঁড়ে দেয় শ্রীলঙ্কাকে। সফরকারীরা সেই রান পাহাড়েই চাপা পড়েছে এই টেস্টে। আগের দিন ২১২ রান তুলতেই হারায় ৭ উইকেট।

জয়ের সুবাস পেতে থাকা পাকিস্তান শেষ দিনে সকালে লঙ্কানদের শেষ ৩ উইকেট নিয়েছে মাত্র ১৬টি বলে। ঐতিহাসিক টেস্টটিকে আরও স্মরণীয় করে রাখলেন পেসার নাসিম শাহ। টেস্টে সবচেয়ে কম বয়সে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শিকার করেছেন ৫টি উইকেট। 

এই কীর্তি গড়ার দিনে প্রথম বলেই ফিরিয়েছেন এম্বুলদেনিয়াকে। পরের ওভারে ফিরিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা ওশাডা ফার্নান্দোকে। তাকে বিদায় দিয়েছেন ১০২ রানে। শেষ উইকেটে বিশ্ব ফার্নান্দোকে বিদায় দিয়ে লেজ ছেঁটে দেন নাসিম। তাতে শ্রীলঙ্কা গুটিয়ে গেছে আগের দিনের করা স্কোর ২১২ রানেই। টেস্টে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নেওয়ার তালিকায় সবার উপরে রয়েছেন পাকিস্তানেরই আরেক বোলার নাসিম উল গনি।   

সর্বোচ্চ ৩২১ রান করে সিরিজ সেরা হয়েছেন আবিদ আলী। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ১৭৪ রানের ইনিংস খেলে ম্যাচসেরাও হয়েছেন তিনি।