নিরাপত্তা আশঙ্কাতেই এই সফর নিয়ে অনিশ্চয়তা ছিল। শুরুতে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতেই রাজি ছিল বিসিবি। প্রথমে সংক্ষিপ্ত সফরে গিয়ে পাকিস্তানের নিরাপত্তার অবস্থা দেখে নিতে চেয়েছিল। সেই অবস্থান থেকে পরে সরে আসে তারা। চূড়ান্ত হয় সফরটি হবে তিনধাপে। প্রথমধাপে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়ে গেছে। সেখানে ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পরের দুই ধাপে গিয়ে দুটি টেস্ট ও একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।
প্রথম ধাপের সফরে পিসিবির সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস পাকিস্তানি দৈনিক দ্য ডনকে বলেছেন, ‘সার্বিক উপলব্ধিটা দারুণ। কেউ কিন্তু টি-টোয়েন্টি সিরিজের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনও প্রশ্ন তোলেনি। সবাই খুব খুশি ছিল।’
তবে কড়া নিরাপত্তার কারণে সমস্যাও হচ্ছে ক্রিকেটারদের। তারা স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। এ বিষয়টি বেশি ভাবাচ্ছে বলে জানিয়েছেন জালাল ইউনুস, ‘আতিথেয়তা নিয়ে কোনও প্রশ্ন নেই। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে খেলোয়াড়রা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না। তবে আমরা ভালো একটি টেস্ট ম্যাচ দেখার অপেক্ষায় আাছি।’
দুই ধাপে বিভক্ত টেস্ট সিরিজের প্রথম টেস্ট শুরু হবে শুক্রবার। তৃতীয় ও শেষ ধাপের পাকিস্তান সফরের শুরুতে বাংলাদেশ ৩ এপ্রিল করাচিতে একটি ওয়ানডে খেলে সেখানেই দুই দিন পর খেলবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।