সিরিজের প্রথম ম্যাচেও ছিল রান উৎসব। দ্বিতীয় ম্যাচে অবশ্য বৃষ্টির কারণে টস জিতেও শুরুতে বোলিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের সামনে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে পারেনি স্বাগতিকরা। যেখানে প্রথম ম্যাচেই শুরুতে ব্যাট করা ক্যারিবীয়দের স্কোর ছিল ৪ উইকেটে ১৯৬। সেখানে নিয়মিত বিরতিতে উইকেট হারানোতে এই ম্যাচে শ্রীলঙ্কার স্কোর বড় হয়নি। ১০৯ রানে বিদায় নিয়েছেন ৬জন। শেষ দিকে দাসুন শানাকার ২৪ বলে ৩১ ও থিসারা পেরেরার ১৩ বলে ২১ রানে সংগ্রহটা দাঁড়ায় ৬ উইকেটে ১৫৫ রানে।
এই লক্ষ্যতে ক্যারিবীয়দের যে আটকানো সহজ নয়, তা পরে টের পেয়েছে শ্রীলঙ্কা।। তেমনটি করতে অধিনায়ক লাসিথ মালিঙ্গাকে ধারালো বোলিং করতেই হতো। কিন্তু ব্যর্থ ছিলেন, ৩ ওভারে ৪৬ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন! ক্যারিবীয়রা ২৩ রানে লিন্ডল সিমন্সের উইকেটটি হারালেও তারা জয়ের মঞ্চে ওঠে ব্রেন্ডন কিংয়ের ঝড়ো ইনিংসের সুবাদে। ২১ বলে ৪৩ করে ফিরেছেন কিং। তাতে ছিল ৬টি চার ও ২টি ছয়। রোভম্যান পাওয়েল ১৭ রানে ফিরলেও শেষ দিকে তাণ্ডব শুরু করেন আন্দ্রে রাসেল। ১৪ বলে ৬ ছক্কায় অপরাজিত ছিলেন ৪০ রানে। সঙ্গে শ্লথ গতিতে অপর প্রান্ত আগলে খেলেছেন হেটমায়ার। ৪২ বলে ৪৩ রানে অপরাজিত থেকেছেন তিনি। এই দুজনের ব্যাটে ৩ উইকেট হারিয়ে ১৭ বল হাতে রেখে জয় নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ ও সিরিজসেরা ছিলেন আন্দ্রে রাসেল।