এল ক্লাসিকো জেতায় লস ব্লাঙ্কোসের জয় প্রত্যাশা করেছিলেন অনেকেই। কিন্তু নিজেদের ভুলেই হারতে হয়েছে। সেই ভুলেই ৪০ মিনিটে প্রথম গোলটি পেয়ে যায় বেতিস। ওই সময় সের্হিয়ো রামোস নাবিল ফেকিরের সঙ্গে সংঘর্ষে জড়ালে পেনাল্টির আবেদন করে বসে বেতিস। ঢিলেঢালা এই মুহূর্তে বলটা পায়ের কাছে এসে পড়লে জালে পাঠিয়ে দেন বেতিস ডিফেন্ডার সিডেনি।
অবশ্য তাদের গোলের উচ্ছ্বাসটা বেশিক্ষণ থাকেনি। মার্সেলোকে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৩) স্পট কিক থেকে গোল করে সমতা আনেন বেনজেমা।
দ্বিতীয়ার্ধে অবশ্য আরও গোল পেতে পারতো বেতিস। দলটির অধিনায়ক হোয়াকুইন সুযোগ নষ্ট করেছেন। তবে ৮২ মিনিটের সুযোগটি আর নষ্ট করেনি তারা। যার দায়টা বেনজেমার। তার পা থেকেই আলগা বল পেয়ে গোল করে দেন বেতিসের সাবেক বার্সা ফরোয়ার্ড ক্রিস্তিয়ান তেয়ো।
রিয়াল মাদ্রিদের এই হার শিরোপা লড়াইয়ে এগিয়ে দিলো বার্সেলোনাকে। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন বার্সেলোনা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।