করোনা ভাইরাসের কারণে ধীরে ধীরে স্থগিত হচ্ছে দেশের নানা কার্যক্রম। এবার স্থগিত হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট। অবশ্য টুর্নামেন্ট দুটি স্থগিতের কোন কারণ ব্যাখ্যা করা হয়নি।
বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় টুর্নামেন্ট স্থগিতের কথা জানিয়েছে। তাতে বলা হয়েছে, আগামী ১৪ থেকে ১৯ মার্চ কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এই দুটি টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জাতীয় পর্যায়ের খেলা শেষে ২১ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ফাইনাল।
টুর্নামেন্টটি অনিবার্য কারণে স্থগিত করার কথা বললেও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের কারণে জনসমাগম এড়াতে তা স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে, এই টুর্নামেন্টের নতুন দিনক্ষণ পরে জানানো হবে।